চট্টগ্রাম, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের প্রথম পর্যায়ের কাজ রোববার শেষ হয়েছে। সোমবার সকাল থেকে নগরীর ১৫টি ওয়ার্ডের ৪৫টি নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার কাজ শুরু হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২২ অক্টোবর থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হওয়ার পর শনিবার পর্যন্ত মোট ১১ লাখ ১৫ হাজার ৮৫ জন তথ্য ফরম পূরণ করেছেন। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৪১টি ওয়ার্ডের মধ্যে আগ্রাবাদে সর্বোচ্চ ৫৮ হাজার নয়শ জন, শুলক বহরে ৫২ হাজার ৯৫৪ জন, পশ্চিম ষোলশহরে ৫১ হাজার ৮৬১ জন তথ্য ফরম পূরণ করেছেন।
তিনি জানান, সোমবার থেকে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ছবি তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শুরু হবে। এজন্য জেলা নির্বাচন কার্যালয় সব প্রস্তুতি নিয়েছে। ছবি তোলা হবে নগরীর ৪৮৫টি কেন্দ্রে।
তিনি জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবি তোলার জন্য ইতোমধ্যে নগরীতে ১২০০ তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে।
অনেক এলাকায় তথ্য সংগ্রহকারীরা এখনও অনেকের বাড়িতে যান নি- এমন অভিযোগ সম্পর্কে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শেষ হলেও এই প্রক্রিয়া চলতে থাকবে। সোমবার থেকে যে ১৫টি ওয়ার্ডে ছবি তোলার কাজ চলবে সেই ওয়ার্ডগুলো ছাড়া অন্য ওয়ার্ডগুলোতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে।
সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় যাতে সবাই ভোটার হতে পারে সেজন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান দুলাল তালুকদার। তিনি বলেন, প্রতিবন্ধীদের বাসায় বাসায় গিয়ে ছবি তোলা হবে এবং যারা হজে যাবেন তাদের ছবি হজের পর তোলা হবে। এছাড়া, জেলখানায় বন্দি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দাদেরও ভোটার করার জন্য জেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এসএনডি/
bdnews24