২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান, মিন্টু ও শাহজাহানের মামলার কার্যক্রম স্থগিত

শিল্পপতি সালমান এফ রহমান, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টু ও জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে করা তিনটি পৃথক মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে তিনটি মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারকে তার কারণ জানাতেও নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শিল্পপতি সালমান এফ রহমান, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টু ও জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে করা তিনটি পৃথক মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে তিনটি মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারকে তার কারণ জানাতেও নির্দেশ দিয়েছে আদালত। আদালত সালমান এফ রহমান ও আবদুল আওয়াল মিন্টুর জামিন মঞ্জুর করেছে। তবে শাহজাহান চৌধুরীকে জামিন দেওয়া হয়নি। রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সালমান, মিন্টু ও শাহজাহানের দায়ের করা তিনটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। গত ১ অক্টোবর সালমান রহমানের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম। তার বিরুদ্ধে অভিযোগ, গাজীপুরে ৬টি জমির দলিল জাল করে এবি ব্যাংক থেকে ১৯১ কোটি টাকা ঋণ নিয়ে তা পুনতফসিলের মাধ্যমে ১৮২ কোটি টাকা অবলোপন করিয়েছেন। ওই দিনই মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভূক্ত করা হয়। ১২ আগস্ট রমনা থানায় আবদুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে ৫০ হাজার টাকার চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। পরে মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়। ১ জুলাই চট্টগ্রাম বন্দর থানায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দুর্র্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। তারা বিরুদ্ধে অভিযোগ, শুল্কমুক্ত গাড়ি আমদানির সময় দেওয়া সম্পত্তির হিসাবে শাহজাহান চৌধুরী ৩০ লাখ টাকার সম্পত্তি গোপন করেছেন। সালমান, মিন্টু ও শাহজাহানের পক্ষে রিট শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান। এছাড়া দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এমএইচবি/২১২৭ ঘ.