বরগুনা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের মামলায় বরগুনা-২ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ নূরুল ইসলাম মনিসহ চার জনকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বরগুনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান মজুমদার এ দণ্ডাদেশ দেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তদের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর কারাভোগের নির্দেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত অপর তিন জন হলেন, সাবেক সাংসদের ভাই এবং পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামাল, বিএনপি নেতা শামসুদ্দিন শানু ও শ্রমিক দল নেতা জামাল হোসেন।
আসামিদের অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা হয়। দেশে জরুরি অবস্থা জারির পর থেকেই সাবেক সাংসদ মনি অপ্রকাশ্য রয়েছেন।
চলতি বছরের ১৮ ফেব্র"য়ারি পাথরঘাটা উপজেলা বিএনপির কার্যালয় থেকে ত্রাণের জন্য বরাদ্দ করা ৭০টি টিন উদ্ধার করে যৌথবাহিনী। এ ঘটনায় ওই দিনই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম বাদি হয়ে পাথরঘাটা থানায় মামলাটি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24