২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের সংলাপে আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা যাবেন

নির্বাচন কমিশনের সংলাপে আওয়ামী লীগের শুধু সভাপতিমণ্ডলীর সদস্যরাই অংশ নেবেন। শুক্রবার আওয়ামী লীগের সংলাপ সংক্রান্ত উপ-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, কারো এমন কিছু করা ঠিক হবে না যাতে, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। আগামী রোববার নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকের দিন নির্ধারিত রয়েছে। নির্বাচন কমিশন থেকে ১০ সদস্যের প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ জানানো হলেও এর সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 08:48 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সংলাপে আওয়ামী লীগের শুধু সভাপতিমণ্ডলীর সদস্যরাই অংশ নেবেন। শুক্রবার আওয়ামী লীগের সংলাপ সংক্রান্ত উপ-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, কারো এমন কিছু করা ঠিক হবে না যাতে, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। আগামী রোববার নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকের দিন নির্ধারিত রয়েছে। নির্বাচন কমিশন থেকে ১০ সদস্যের প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ জানানো হলেও এর সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে উপ-কমিটির সভা শেষে ওই কমিটির প্রধান তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি সংলাপের নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তার সঙ্গে থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্যরা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এর মধ্যে ব্যক্তিগত সমস্যার কারণে দু-একজন হয়তো নাও যেতে পারেন। সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দিন অসুস্থ। আরেক সদস্য আমির হোসেন আমুর স্ত্রী বিয়োগে তিনি মানসিকভাবে বিপর্যস্ত।" আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর ১২ জন সদস্যের মধ্যে দু'জন জেলে রয়েছেন। এছাড়া জোহরা তাজউদ্দীনও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তোফায়েল বলেন, "আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলে তাদের তৈরি করা খসড়া প্রস্তাব এবং আমাদের সংস্কার প্রস্তাবের মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করবো। ২০০৫ সালের ১৫ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনী সংস্কারের যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছিলেন সেটাই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আমাদেরও লক্ষ্য।" তোফায়েল আহমেদ আরও বলেন, "নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন হোক এটা আমরা চাই। কিন্তু কারো এমন কোনো কিছু করা ঠিক হবে না, যাতে এই রোডম্যাপ বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। সে বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনকেও সতর্ক থাকতে হবে।" তিনি বলেন, "সংলাপে আমাদের আলোচনার বিষয়বস্তু তৈরি করেছে উপ-কমিটি। সেটাকে কিছুটা সংযোজন-বিয়োজন করে অনুমোদন করেছে কার্যনির্বাহী কমিটি। আজ আমরা এ সংক্রান্ত কাজ একেবারে শেষ করলাম।" আমির হোসেন আমুর স্ত্রী ফিরোজা হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেন তোফায়েল আহেেমদ। প্রায় দুই মাস পর দলীয় কোনো সভায় উপস্থিত আব্দুর রাজ্জাককেও স্বাগত জানান তিনি। চিকিৎসার জন্য সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক প্রায় দু'মাস থাইল্যান্ড ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৩৪৫ ঘ.