২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুই অংশের ঐক্য নিয়ে এখনো বিভ্রান্তি কাটেনি

বিএনপির দুই অংশের ঐক্য নিয়ে বিভ্রান্তি কাটেনি। দলের স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ খালেদা জিয়াকে তাদের নেত্রী দাবি করে বলেছেন, এ প্রশ্নে কোনো বিতর্ক কিংবা আপোষ নেই। অন্যদিকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহ্ বলেছেন, যারা খালেদা জিয়াকে নেত্রী মানেন তারা আবার তার সিদ্ধান্ত মানবেন না- এটা গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার দুপুরে বনানীতে এবং মহাখালী ডিওএইচএস এ এই দুই নেতা তাদের বাসায় এসব কথা বলেন। তারা উভয়ই নিজেদের 'মূলধারা' দাবি করে আশাবাদ ব্যক্ত করেছেন, নির্বাচন কমিশন গঠনতন্ত্র দেখে তাদেরকেই চিঠি দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশের ঐক্য নিয়ে বিভ্রান্তি কাটেনি। দলের স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ খালেদা জিয়াকে তাদের নেত্রী দাবি করে বলেছেন, এ প্রশ্নে কোনো বিতর্ক কিংবা আপোষ নেই। অন্যদিকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহ্ বলেছেন, যারা খালেদা জিয়াকে নেত্রী মানেন তারা আবার তার সিদ্ধান্ত মানবেন না- এটা গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার দুপুরে বনানীতে এবং মহাখালী ডিওএইচএস এ এই দুই নেতা তাদের বাসায় এসব কথা বলেন। তারা উভয়ই নিজেদের 'মূলধারা' দাবি করে আশাবাদ ব্যক্ত করেছেন, নির্বাচন কমিশন গঠনতন্ত্র দেখে তাদেরকেই চিঠি দেবে। দুই নেতাই বিচার বিভাগ পৃথক করায় তত্ত্বাবধায়ক সরকারকে সাধুবাদ জানিয়েছেন। বনানীর বাসায় হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় বলেন, "আমি স্পষ্টভাবে বলতে চাই, দেশনেত্রী খালেদা জিয়াই বিএনপির নেত্রী। এ নিয়ে কোনো বিতর্ক বা আপোষ নেই। আমাদের চেয়ারপারসন এখন কারাগারে আছেন, তিনি মুক্ত হয়ে এলে দলের নেতৃত্ব গ্রহণ করবেন। তার অনুপস্থিতে সাইফুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে এগিয়ে নিচ্ছেন।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, খালেদা জিয়াকে মুক্ত করার বিষয়ে বিএনপি আইনজীবীদের সঙ্গে বসে উদ্যোগ নেবে। দলের মধ্যে কোনো বিভাজন নেই বলেও দাবি করেন হাফিজ উদ্দিন আহমেদ । হাফিজ জানান, দেলোয়ারপন্থী নেতাদের সঙ্গে স্থায়ী কমিটির সিনিয়র নেতারা ও তিনি নিজে যোগাযোগ করছেন। এ প্রসঙ্গে বুধবার রাতে বারডেম হাসপাতালে খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। অস্থায়ী মহাসচিব বলেন, "প্রবীণ এই নেতা অসুস্থ । তবে তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।" এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে প্রধান উপদেষ্টার বক্তব্যকে যথার্থ বলে মন্তব্য করেন। তিনি মনে করেন, যুদ্ধাপরাধী জীবিত থেকে থাকলে এখনও তার বিচার হওয়া উচিত। স্থায়ী কমিটি মনোনীত বিএনপির এই অস্থায়ী মহাসচিব নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, "কমিশন দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সেই চিঠির অপেক্ষায় আছি । দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছেন।" একইসঙ্গে কমিশনের রোডম্যাপ অনুযায়ী আগামী বছর কালো টাকা এবং সন্ত্রাসমুক্ত পরিবেশে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিমসহ দলের কয়েকজন সাবেক সাংসদ উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান ভ্ইূঁয়া অস্থায়ী মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে, ডিওএইচএস এর বাসায় হান্নান শাহ্ সাংবাদিকদের বলেছেন, "বিএনপির নেতাকর্মীরা মনে করে খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। নির্বাচন কমিশন তাকেই চিঠি দেবে এটাই আমার প্রত্যাশা। আগামী রোববার আমাদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন।" দলের ঐক্য প্রচেষ্টার উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, "যারা প্রথম থেকে দলে অনৈক্য সৃষ্টি করেছে, তারা এখন ঐক্যের কথা বললে আমরা বিশ্বাস করি না। সাইফুর রহমান সাহেব আমার সঙ্গে গতকাল যোগাযোগ করেছেন, আমি তাকে বলেছি- '২৯ অক্টোবর মধ্যরাতের নাটকের সঙ্গে আমি সম্পৃক্ত হতে পারবো না।' আমি তাকে ঈমানদার ব্যক্তি হিসেবে এই ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছি।" হান্নান শাহ্ স্পষ্টভাবে বলেন, "এটা ঐক্য প্রচেষ্টা নয়, এটা ষড়যন্ত্রের অংশ। ঐক্য হলে কেবল মান্নান ভূঁইয়াপন্থীদের সেই বৈঠকে ডাকা হতো না।" তিনি দলের স্থায়ী কমিটির সাত সদস্যের 'আকস্মিক দলপ্রীতি' নিয়েও প্রশ্ন তোলেন। হান্নান শাহ দাবি করেন, ১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট বিচার বিভাগ পৃথককরণে যে ১২টি নির্দেশনা দিয়েছিল তার মধ্যে বিএনপি সরকার ৮টি ও আওয়ামী লীগ সরকার ১টি বাস্তবায়ন করেছে। তাদের আমলেই বিচার বিভাগের অবকাঠামোগুলো নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেন হান্নান শাহ।" সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় দলের সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৫০৬ঘ.