২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে কর ফাঁকি মামলার রায় ৫ নভেম্বর

আয়কর ফাঁকির অভিযোগে ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী মোসাম্মৎ সামসুন্নাহার ও ছেলে ইমরান আহম্মেদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা দুটি মামলায় আগামী ৫ নভেম্বর রায় দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 01:04 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-আয়কর ফাঁকির অভিযোগে ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী মোসাম্মৎ সামসুন্নাহার ও ছেলে ইমরান আহম্মেদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা দুটি মামলায় আগামী ৫ নভেম্বর রায় দেওয়া হবে। সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শোনার পর বুধবার রায় দেওয়ার এ দিন ধার্য করেন। সামসুন্নাহার ও ইমরান উভয়েই পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল হক উভয় মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, "আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ আমরা প্রমাণ করেছি। আমি তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করছি।" আয়কর ফাঁকির অভিযোগে এনবিআর এর অতিরিক্ত সহকারি কর কমিশনার এস এম ইব্রাহীম গত ১৬ সেপ্টেম্বর ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুটি মামলা করেন। সামসুন্নাহার ও ইমরান আহম্মেদ পলাতক থাকায় আদালত ওইদিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সামসুন্নাহারের বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, আসামী ২০০২-২০০৩ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত ৯৭ লাখ ৫০ হাজার ৪৯ টাকার আয় গোপন করে তার ওপর প্রযোজ্য ২১ লাখ ৩১ হাজার ১৭৮ টাকার কর ফাঁকি দিয়েছেন। ইমরানের বিরুদ্ধে ২০০২-২০০৩ থেকে ২০০৫-২০০৬ করবর্ষ পর্যন্ত ৮ কোটি ২৬ লাখ ২৪ হাজার ১৬২ টাকার ওপর প্রযোজ্য ২ কোটি ৩ লাখ ৫২ হাজার ৫৬৪ টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়। বিশেষ জজ আদালত-৩ এ সালাউদ্দিন, তার স্ত্রী ও তিন ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আরেকটি মামলার বিচারকাজ চলছে। এছাড়াও সালাউদ্দিনের ছোট ছেলে তানভীর আহম্মেদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির একটি মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এসকে/১৮৫৯ঘ.