ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বিবাদমান দুই অংশের বিভক্তির কারণে বন্ধ থাকায় কাকরাইলে একটি অস্থায়ী বসার স্থান নিয়েছেন খোন্দকার দেলোয়ার হোসেন। আগামী শনিবার থেকে তিনি সেখানে বসবেন।
বৃহস্পতিবার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তার ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের বলেন, "এখানে জায়গা হয় না বলে একটি বসার জায়গা নিয়েছি। এটি বিএনপির অস্থায়ী কোনো অফিস নয়। কেবল আমার বসার একটি স্থান।"
৬৬ নম্বর কাকরাইলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফী বিক্রমপুরীর ব্যবসায়িক কার্যালয়টি দলের মহাসচিব আপাতত বসার জন্য ব্যবহার করবেন। সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে দলীয় নেতাকর্মীদের ভিড় বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, জরুরি অবস্থা জারির পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ হয়ে আছে। ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর সব রাজনৈতিক দল কার্যালয় খুললেও বিএনপির কার্যালয় খুলতে দেয়নি পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৬৫৪ঘ.
bdnews24