ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. মিজানুর রহমান মঙ্গলবার এ অনুমতি দেন।
শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোরশেদ আলম সোমবার আদালতে আবেদন জানান।
গত ১৯ সেপ্টেম্বর একই আদালত শেখ হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেয়।
মামলার এজাহার বলা হয়, ১৯৯৬ সালের ২৪ অক্টোবর থেকে ১৯৯৭ সালের ২৪ নভেম্বর পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় তিনটি এলাকায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানিকে বাদ দিয়ে দুর্নীতির মাধ্যমে সামিট গ্র"প ও ইউনাইটেড গ্র"পকে ঠিকাদার নিয়োগের আদেশ দেন। বিনিময়ে শেখ হাসিনা সামিট ও ইউনাইটেড গ্র"পের কাছ থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ধানমন্ডিতে দোতলা বাড়িসহ ৬ কোটি ৫০ লাখ টাকা মুল্যের ১৯ কাঠা ১১ ছটাক জমির দলিল নিবন্ধন করিয়ে নেয়। যার মধ্যে তিন কোটি টাকা জমির মালিককে পরিশোধ করা হয়।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এম এম শাব্বির হাসান চলতি বছরের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আজিজ খান, একই কোম্পানির পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ।
এদিকে শেখ হাসিনা, শেখ হেলাল ও হেলালের স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছে মহানগর হাকিম শাহ আলম সরদারের আদালত। এ নিয়ে ৬ষ্ঠ বার ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য হলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/জিএনএ/১৬১০ ঘ.
bdnews24