ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেয়া হচ্ছে। বিচার বিভাগ আলাদা করা সংক্রান্ত বিধিমালা সংশোধন করে এই ক্ষমতা দেয়া হবে।
তবে বিধিমালা সংশোধনের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অস্থায়ী ভাবে এসব ক্ষমতা দেয়ার জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মঙ্গলবার এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন।
ফৌজদারি কার্যবিধির ২৬০ থেকে ২৬৫ ধারার ক্ষমতা বলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ভেজাল বিরোধী অভিযান, উচ্ছেদ অভিযান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন, মোবাইল কোর্ট পরিচালনাসহ কিছু ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিচারিক ক্ষমতা পাবেন।
ব্যারিস্টার মইনুল সাংবাদিকদের বলেন, "নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিছু কিছু কাজ করতে হয়, কিন্তু সংশোধনীর ফলে তাদের এসব ক্ষমতা খর্ব হয়েছিল। এখন তাদের এসব ক্ষমতা দিতে গেলে বিধিমালাগুলো সংশোধন করতে হবে। এজন্য সময়ের প্রয়োজন। এ কারণে আপাতত অস্থায়ী ভাবে তাদের এসব ক্ষমতা দেয়া হচ্ছে।পরবর্তীতে বিধিমালা সংশোধন করা হবে"।
উপদেষ্টা বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা একটি নতুন বিষয়, এজন্য সমস্যা হবেই। সমস্যা দূর করার জন্য আইন সংশোধন করা হবে। প্রয়োজনে বার বার আইন সংশোধন করতে হবে।বিচার বিভাগ পৃথক্করণ একটি চলমান প্রক্রিয়া। ১ নভেম্বরের পরও এসংক্রান্ত বিষয়ে কাজ চালিয়ে যেতে হবে"।
আইন মন্ত্রণালর্য়ে সভাকক্ষে অনুষ্ঠিত বিচার বিভাগ পৃথক্ করণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন," নির্বাহী বিভাগ থেকে যেসব কর্মকর্তা বিচার বিভাগে যেতে চান তাদের জ্যেষ্ঠতা নিয়ে কথা উঠেছে। সে বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে এ বৈষম্য দূর করা হবে"।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে আত্মীকৃত হওয়ার জন্য গত ১৬ জানুয়ারী সার্কুলার জারি করা হয়। এতে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদে আত্মীকরণের ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য ৮,১২ এবং ১৫ বছরের সন্তোষজনক চাকরির অভিজ্ঞতার শর্ত রাখা হয়েছে। অন্যদিকে বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য শর্ত নির্ধারণ করা হয়েছে ৪,৭ এবং ১০ বছরের চাকরি। বিচার বিভাগের জন্য চাকরি সন্তোষ জনক হওয়ার বিষয়ে কোন শর্ত দেয়া হয়নি। এটা পরিবর্তন করে উভয় ক্যাডারের জন্য বয়সসীমা একই করার জন্য প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এবিষয়ে আলোচনার পর বৈষম্য দূর করার ব্যাপারে উপস্থিত সবাই একমত হয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
উপদেষ্টা বলেন," জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কার্যালয়ে বসার ব্যাপারে সমস্যা হচ্ছে। এখন যারা সেখানে কাজ করছেন তাদের এই সমস্যা দূর করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কার্যালয়ে বসার সমস্যা দূর করার জন্য সরকার প্রয়োজনে নতুন স্থাপনা নির্মাণ করবে। কিন্ত এজন্য সময়ের প্রয়োজন। আপাতত দরকার হলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের জন্য বাড়ি ভাড়া নেয়া হবে।"
ব্যারিস্টার মইনুল আরো জানান,অন্য যেকোন সময় বিচার বিভাগ পৃথক্করণের কাজ বাস্তবায়ন করতে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারতো। বর্তমানে দেশে জরুরী অবস্থা রয়েছে। যৌথ বাহিনী সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করছে। এজন্য অন্য যেকোন সময়ের চেয়ে এখন কাজটি করা সহজ হচ্ছে।
তিনি বলেন, প্রশাসন এবং বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। এটা সরকারকে আশাবাদী করেছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা চান।
বৈঠকে মন্ত্রীপরিষদ বিভাগ সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পূর্তসচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এমকে/এমএ/১৪৩০ঘ.
bdnews24