২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান চৌধুরী ও ফয়সাল মোরশেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ অক্টোবর

সাংসদ কোটায় গাড়ি আমদানিতে দুর্নীতির অভিযোগে জামায়াত ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১৮ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 09:51 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাংসদ কোটায় গাড়ি আমদানিতে দুর্নীতির অভিযোগে জামায়াত ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১৮ অক্টোবর। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মজনুল আহসান মঙ্গলবার দুপুরে এ তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় হাজির হতে আদালতের নির্দেশের পরও মঙ্গলবার তারা দুজন উপস্থিত না হওয়ায় বিচারক আগামী ১৮ অক্টোবর তাদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। গত ৩ অক্টোবর একই আদালত এ দুই আসামিকে মঙ্গলবারের মধ্যে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছিল। দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম গত ১ অক্টোবর শাহজাহান চৌধুরী এবং এবি ব্যাংকের চেয়ারম্যান ও প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোরশেদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সাংসদ কোটায় একটি গাড়ি আমদানির ক্ষেত্রে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও সম্পত্তির উৎস গোপন এবং ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে ওই কাজে সহায়তার অভিযোগ আনা হয়। গত ১ জুলাই চট্টগ্রামের বন্দর থানায় কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে ফয়সাল মোরশেদের নাম না থাকলেও তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়ায় অভিযোগপত্রে তার নাম যুক্ত করা হয়। জরুরি অবস্থা জারির পর ঢাকার মহাখালী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাংসদ কোটায় আমদানি করা গাড়িটি জব্দ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এমআই/১৫৫০ ঘ.