ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মান্নান ভূঁইয়ার ঐক্যের আহবানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার সকালে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব বলেন, "বিএনপির ঐক্য নিয়ে কথা বলার কোনো আইনগত বৈধতা মান্নান ভূঁইয়ার নেই। বিএনপির হয়ে বলার তিনি কেউ নন। চেয়ারপার্সন গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করেছেন।"
মান্নান ভূঁইয়ার ঐক্যের ডাককে এভাবে নাকচ করে দিয়ে তিনি আরো বলেন, যেহেতু চেয়ারপার্সন সিদ্ধান্ত দিয়েছেন, সেহেতু তার (মান্নান ভূঁইয়া) সঙ্গে বসার কোনো সম্ভাবনা নেই।
অবশ্য মান্নান ভূঁইয়াকে দলে ফেরানোর বিষয়ে প্রশ্ন করা হলে খোন্দকার দেলোয়ার বলেন, "এ বিষয়ে চেয়ারপার্সন খালেদা জিয়াই ভালো বলতে পারবেন। কারণ, মান্নান ভূঁইয়ার ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নিয়েছেন। আমি তারই মনোনীত মহাসচিব। এ বিষয়ে কিছু বলার এখতিয়ার আমার নেই।"
প্রসঙ্গত, শুক্রবার বিএনপির সংস্কারপন্থী অংশের শীর্ষনেতা আবদুল মান্নান ভূঁইয়া আগামী নির্বাচনের কথা ভেবে সব মতভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধ করার জন্য সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানান।
শনিবার সকালে খোন্দকার দেলোয়ার হোসেন দাবি করেন, বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে দেশে ও বিদেশে ঐক্যবদ্ধ আছে। দলকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
বিএনপিকে শক্তিশালী করার ব্যাপারে মান্নান ভূঁইয়ার মন্তব্যের জবাবে তিনি বলেন, "মান্নান ভূঁইয়া সাহেবরা তো ঘরে বসেই সব কথা বলছেন। ঢাকার বাইরে যেতে পারছেন না। বিএনপি এখন অনেক শক্তিশালী।"
খোন্দকার দেলোয়ার জরুরী অবস্থা প্রত্যাহার, খালেদা জিয়ার মুক্তি ও দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, "পার্টি অফিস বন্ধ থাকায় আমরা দলের কাজ করতে পারছি না। তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আমাদেরকে অফিসে বসার অনুমতি দিন।"
খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ন্যাম ফ্ল্যাটের বাসার দোতলায় সিরাজগঞ্জের বিএনপি,যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলে ড্রইং রুমে নেতাদের বসা নিয়ে হট্টগোল হয়। এক পর্যায়ে সিরাজগঞ্জ যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ সুইট ও মান্নাহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী তথ্য সচিব মহিউদ্দিন খান মোহনকে ধমক দিলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। পরে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পরে রিজভী আহমেদ খোন্দকার দেলোয়ার হোসেনের উপস্থিতিতে সাংবাদিকদের বলেন, ''রুম ছোট, তাই অনেক নেতা-কর্মীর উপস্থিতিতে সাংবাদিক বন্ধুদের বসার জায়গা হচ্ছে না বলে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত।''
শনিবার সিরাগঞ্জ জেলা বিএনপির নেতা হুমায়ুন ইসলাম খান, অ্যাডভোকেট মোকসেদ আলী, মকবুল হোসেন চৌধুরী, নিজাম মোস্তফা, রহমত উল্লাহসহ অনেকেই খোন্দকার দেলোয়ারকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ ছাড়া কুমিল্লা (উত্তর) স্বেচ্ছাসেবক দলের নেতারাও খোন্দকার দেলোয়ারের সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/১৪২২ ঘ.
bdnews24