ঢাকা, অক্টোবর ০৪, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত সহজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, কমিশন নিবন্ধনের যে খসড়া করেছে তা পূরণ করে কোনো রাজনৈতিক দলই নিবন্ধিত হতে পারবে না।
তিনি নিবন্ধনের শর্ত সহজ করার পাশাপাশি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
জিল্লুর রহমান এছাড়া আগামী জানুয়ারিতে স্থ'ানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনই জরুরি অবস্থা প্রত্যাহারের কথা বলেছেন।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিলের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জিল্লুর রহমান বলেন "অতীতে বাংলাদেশে বহু বিপৎসঙ্কুল পরিস্থিতির মোকাবেলা করলেও এবারের মত কঠিন পরিস্থিতি আগে কখনো সৃষ্টি হয়নি। আওয়ামী লীগ অতীতের মতো এবারও ধৈর্য, সাহস, দেশপ্রেম ও সবোর্চ্চ শক্তি দিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করবে।"
তিনি আরো বলেন, "আমরা নির্বাচন কমিশনের রোডম্যাপ সমর্থন করেছি। এই রোডম্যাপ বাস্তবায়নে দলীয়ভাবে সর্ব ধরনের সহযোগিতা করতেও আমরা আগ্রহী। সরকারের কথাবার্তা ও কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন করতে চায়।"
জরুরি অবস্থা প্রসঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "শোনা যাচ্ছে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তা করতে হলে এখনই সারা দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।"
রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু শর্তের সমালোচনা করে তিনি বলেন, "কমিশন নিবন্ধনের যে খসড়া ছক করেছে তা পূরণ করে কোনও রাজনৈতিক দল নিবন্ধিত হতে পারবে না।"
তিনি নিবন্ধনের শর্ত সহজ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
দলীয় সভানেত্রী শেখ হাসিনা মুক্তি পাওয়ার আগে জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত থেকে আওয়ামী লীগ সরে আসেনি জানিয়ে জিল্লুর রহমান বলেন, "সময়ই বলে দেবে আমাদের পরবর্তী সিদ্ধান্ত কী হবে।"
হাসিনার মুক্তির জন্য দলীয়ভাবে সর্বাত্মক চেষ্টা চালানো হবে বলেও জানান তিনি।
তিনি বলেন "আওয়ামী লীগ বর্তমানে ঐক্যবদ্ধ একটি দল। মাঝে দলীয় নেতা-কর্মীদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও এখন তা আর নেই।"
২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মোল্লা মো. আবু কাওসার, নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান মতি, সাইদুল করিম মিন্টু, জাহাঙ্গীর আহম্মেদ, মোবাশে^র চৌধুরী, শামীম শাহরিয়ার, পথিক সাহা, কাজী শহীদুল্লাাহ লিটন, প্রবাল রায়সহ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২০৪৮ ঘ.
bdnews24