২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় সালাউদ্দিনের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন

কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা দুটি মামলায় ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী মোসাম্মৎ সামসুন্নাহার ও ছেলে ইমরান আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা দুটি মামলায় ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী মোসাম্মৎ সামসুন্নাহার ও ছেলে ইমরান আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় অভিযোগ গঠন করেন। আদালত আগামী রোববার এ দুটি মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করে। কর ফাঁকির অভিযোগে এনবিআর এর অতিরিক্ত সহকারি কর কমিশনার এস এম ইব্রাহীম গত ১৬ সেপ্টেম্বর ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী শামসুন্নাহার ও ছেলে ইমরান আহম্মেদের বিরুদ্ধে দুটি মামলা করেন। সামসুন্নাহার ও ইমরান আহম্মেদ পলাতক থাকায় আদালত ওইদিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সামসুন্নাহারের বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, আসামি ২০০২-২০০৩ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত ৯৭ লাখ ৫০ হাজার ৪৯ টাকার আয় গোপন করে তার ওপর প্রযোজ্য ২১ লাখ ৩১ হাজার ১৭৮ টাকার কর ফাঁকি দিয়েছেন। ইমরানের বিরুদ্ধে ২০০২-২০০৩ থেকে ২০০৫-২০০৬ করবর্ষ পর্যন্ত ৮ কোটি ২৬ লাখ ২৪ হাজার ১৬২ টাকার ওপর প্রযোজ্য ২ কোটি ৩ লাখ ৫২ হাজার ৫৬৪ টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়। বিশেষ জজ আদালত ৩ এ সালাউদ্দিন, তার স্ত্রী ও তিন ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আরেকটি মামলার বিচার কাজ চলছে। এছাড়াও সালাউদ্দিনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা একটি মামলার বিচার কাজ উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমএ/ ১৬৩৫ ঘ.