গাজীপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ।
চাঁদাবাজি মামলায় বুধবার গাজীপুর আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের তিনি বলেন, "জনগণের প্রত্যাশা অনুযায়ী এ সরকার কাজ করছে না। তারা একেক জায়গায় একেক নীতি অবলম্বন করছে। এজন্য প্রতিদিনই জনমত হারাচ্ছে তারা।"
খালেদা জিয়ার মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন পেলেও সরকার আপিল করেছে। জামিন আদেশ এখনো বহাল থাকলেও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার ক্ষেত্রেও একই ধরনের আচরণ করা হয়েছে।"
ন্যায়বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার হলেও এ সরকারের সময়ে তা বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন হান্নান শাহ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএইচবি/২২৩৯ ঘ.
bdnews24