বিদ্যুত সংকট নিরসনে এক বছরের পরিকল্পনা করছে সরকার
বিদ্যুৎ সমস্যা সমাধানে এক বছরের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে আগামী সপ্তাহে তা জমা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে তিনি বিস্তারিত আলোচনার পর এ নির্দেশ দেন। সভায় সিদ্ধান্ত হয় প্রত্যকটি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিক কর্ম পরিকল্পনা চিহ্নিত করে প্রতি শনিবার প্রধান উপদেষ্ঠার সঙ্গে বৈঠকে বসবে।
ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। এতে সংকট উত্তরণে চলতি বছরকে লক্ষ্যমাত্রা ধরে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তৈরির জন্য বিদ্যুত মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।
এর আগে সকাল থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস, ইউরোপীয় ইউনিয়নের আট রাষ্ট্রদূত ও ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী সাক্ষাৎ করেন।
তাঁরা প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে তাঁকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান।
এক প্রশ্ন জবাবে তিনি আরো জানান, ভোটার আইডি কার্ডের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সম্পাদকদের অভিমত উপদেষ্টা পরিষদে বৈঠকে অবহিত করেছেন। এ ব্যাপারে সরকারের তরফ থেকে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে , সংবাদপত্রসহ মিডিয়ার ওপর সরকার কোনো বিধি নিষেধ আরোপ করেনি। শিগগিরই তথ্য উপদেষ্টা এ বিষয়ে সৃষ্ট ভূল বুঝাবুঝি অবসানে গনমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
