২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যাকাণ্ডের পুনর্তদন্ত চায় পরিবার

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ সাংসদ শাহ এএমএস কিবরিয়ার হত্যাকাণ্ডের পর দুই বছর পার হয়ে গেলেও প্রকৃত আসামীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে এখনও রাজপথে আন্দোলন ও আইনি সংগ্রাম চালাতে হচ্ছে নিহতের পরিবারকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 11:10 AM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সাবেক অর্থমন্ত্রীর পুত্র রেজা কিবরিয়া বলেন,“আশা করছি নতুন তত্ত্বাবধায়ক সরকার এ ব্যাপারে সাহসী পদক্ষেপ নেবেন। বাবার হত্যা মামলার পুনর্তদন্ত করা হবে। একজন নির্বাচিত এমপিকে হত্যা করে দায়মুক্ত হওয়া গেলে নির্বাচন কখনোই সন্ত্রাসমুক্ত হতে পারে না।”

স্ত্রী আসমা কিবরিয়া বলেন, “ প্রথম থেকেই তদন্ত ছিল ত্র“টিপুর্ণ। মামলা যখন সঠিক পথে অগ্রসর হচ্ছিল তখনি মামলা স্থগিত করে দেওয়া হয়েছে। এমনকি স্থানীয় বিএনপি নেতা কাইয়ুমকে এফবিআই এর সামনে মুখ খুলতে দেওয়া হয়নি।”

আসমা কিবরিয়া বর্তমান নিরপেক্ষ সরকারের কাছে নতুন করে তদন্ত করার আহ্বান জানিয়ে বলেন “এর সঙ্গে অত্যন্ত প্রভাবশালী মহল জড়িত। সুষ্ঠু তদন্ত হলেই তা বের হয়ে আসবে। আর সে রকম তদন্ত হলে আমি মুখ খুলবো।” 

২০০৫ সালের ২৭ জানুয়ারি তাঁর নির্বাচনী এলাকা হবিগঞ্জের বৈদ্যের বাজার গ্রামে এক গ্রেনেড হামলায় আরো চার আওয়ামী লীগ কর্মীসহ নিহত হন কিবরিয়া।

সেদিন সন্ধ্যায় এক সমাবেশ শেষে বৈদ্যের বাজার প্রাইমারি স্কুল প্রাঙ্গনে এ হামলা চালানো হয়। শাহ কিবরিয়ার ভাগ্নে শাহ মঞ্জুরুল হুদা (৪০), আওয়ামী লীগ কর্মী বনগাঁও গ্রামের সিদ্দিক আলী (৩৫) ও আব্দুর রহিম (৫০) এবং শায়েস্তাগঞ্জের আবুল হোসেনও নিহত হন এ হামলায়।

এই হত্যার পর থেকে প্রতি বৃহস্পতিবার “শান্তির পক্ষে নিলীমা ” নামের অহিংস কর্মসুচির মাধ্যমে এ নির্মম হত্যার বিচার দাবি করে আসছেন কিবরিয়া পরিবার। একই সঙ্গে জোট সরকারের সময়ে করা পুলিশী তদন্ত ও অভিযোগপত্র প্রত্যাখ্যান করে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানতে আর্ন্তজাতিক তদন্তের জন্যও দাবি জানিয়েছেন কিবরিয়ার ঘনিষ্ঠ জনেরা।