প্রধান উপদেষ্টার কার্যালয় শনিবারও খোলা থাকবে
আগামী সপ্তাহ থেকে সাপ্তাহিক সরকারি ছুটির দিন শনিবারও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওই আদেশ পাওয়ার পর সংস্থাপন মন্ত্রণালয় এর সব শাখা অফিস আগামী শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারি ছুটি একদিনে নামিয়ে আনা হতে পারে বলে সচিবালয়ের সর্বত্র আলোচনা শোনা যায়।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লাইছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব (রাজনৈতিক), যুগ্ম সচিব (পুলিশ) ও যুগ্ম সচিব (প্রশাসন) এর দপ্তরও আগামী শনিবার খোলা থাকবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার জারি করা আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও প্রধান উপদেষ্টার অফিস খোলা রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। বৃহস্পতিবার এই অফিস--আদেশটি সংস্থাপন মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ফিরোজ খান নূন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাপ্তাহিক সরকারি ছুটির দিন শনিবার এ কার্যালয়ের সকল শাখা সরকারি কাজের স্বার্থে খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিষয়টি সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল।”
প্রসঙ্গত, বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পক্ষ থেকে সাপ্তাহিক ছুটি একদিন করার দাবি জানানো হয়। তাদের দাবি তোলার একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় ওই সিদ্ধান্ত নেওয়ায় তত্ত্বাবধায়ক সরকার হয়তো শিগগিরই সাপ্তাহিক ছুটি একদিনে নামিয়ে আনতে যাচ্ছে বলে সচিবালয়ে সবাই আলোচনায় মেতে ওঠে।
কর্মকর্তা--কর্মচারিদের অনেককেÑÑসরকারি ছুটি একদিন কমে গেলে অফিস সময় কী হবেÑÑ সে ব্যাপারে জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে খোঁজখবর নিতে দেখা যায়। তবে এ ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কেউ নিশ্চিত কিছু জানাতে পারেননি।
