২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা দেবে যুক্তরাজ্য

ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে তাঁর দেশ আশা করছে এবং এর মধ্য দিয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দেবে যুক্তরাজ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 03:09 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল ডা. এ এস এম মতিউর রহমানের (অব.) সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন রাষ্ট্রদূত।

তিনি জানান, উপদেষ্টার কাছে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা তিনি জানতে চেয়েছেন।

জবাবে উপদেষ্টা বলেছেন, স্বল্পতম সময়েই নির্বাচন হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা কাজ করে যাচ্ছেন।

এদিকে বৈঠক সূত্রে জানা যায়, রাষ্ট্রদূত ও উপদেষ্টার মধ্যে তার অধীন স্বাস্থ্য, পানি সম্পদ ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্রিটিশ সহায়তা দ্বিগুণ করার আশ্বাস দিয়েছেন। বর্তমানে স্বাস্থ্য খাতে বর্তমান ব্রিটিশ সহায়তার পরিমাণ ২০০ মিলিয়ন ডলার।

রাষ্ট্রদূত পোলিও নির্মূল, এইচআইভি/এইডস নিয়ন্ত্রণ এবং মা ও শিশু মৃত্যুর হার  হ্রাসে বাংলাদেশের সাফল্য উল্লেখযোগ্য বলে উল্লেখ করেন এবং আর্সেনিকজনিত রোগ প্রতিরোধে সরকারকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানান।

এ ব্যাপারে তারা আরও সহায়তা দেবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এ ছাড়া স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইমামদের প্রশিক্ষণ কর্মসূচিতে ব্রিটিশ সহায়তার কথা উল্লেখ করে আনোয়ার চৌধুরী বলেন, এই প্রশিক্ষণের বিশেষ প্রয়োজন রয়েছে, প্রয়োজনে এ সহায়তাও বাড়ানো হবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা দুই লাখ ৭৫ হাজার।  প্রতি শুক্রবার এসব মসজিদে নামাজ পড়েন কমপক্ষে তিন কোটি লোক। প্রশিক্ষণের পর ইমামরা মসজিদে স্বাস্থ্যসম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, এরপর প্রতিজন মানুষ মসজিদের বাইরে গিয়ে যদি একজনকেও সেকথা বলেন, তবে তা প্রচার হবে আরও তিন কোটি মানুষের মধ্যে। আর দুইজনকে বললে জানবে ছয় কোটি লোক। এভাবে আস্তে আস্তে তা বাংলাদেশের মানুষের মধ্যে তা পৌঁছে যাবে।