গণঅভ্যুত্থান দিবসে মতিউরকে স্মরণ করছে জাতি
২৪ জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস। ১৯৬৯ সনের এই দিন স্বৈরাচারের গুলিতে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউরের রক্তে রাজপথ রঞ্জিত হয়। ক্ষোভে--ঘৃণায় জেগে ওঠে বাঙালি জাতি। শুরু হয় আয়ুবশাহীর বিরুদ্ধে ছাত্র--জনতার দুর্বার আন্দোলন।
জাতি আজ শ্রদ্ধা আর গর্বের সাথে স্মরণ করছে এই কিশোরের মহান আত্মত্যাগ। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ উপলক্ষে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন।
শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীকার ও স্বাধীনতার আন্দোলন ত্বরান্বিত হয় ২৪ জানুয়ারির গণঅভ্যুত্থানের মাধ্যমে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির সেদিনের ইস্পাতদৃঢ় ঐক্য একটি বিরল ঘটনা।
গণঅভ্যুত্থান দিবসে শান্তিকামী ও গণতন্ত্রপ্রিয় দেশবাসীর প্রতি সব অনাচার, অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন থেকে দেশকে মুক্ত করতে এবং নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালনের জন্যও শেখ হাসিনা আহ্বান জানান।
খালেদা জিয়া তার বিবৃতিতে বলেন, আমাদের জাতীয় জীবনে গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য অপরিসীম। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার পুনরুদ্ধার ও সুরক্ষায় এ দিবস আমাদের অনুপ্রেরণা জোগায়। অন্যায়, অবিচার আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমাদের উদ্বুদ্ধ করে।
গণঅভ্যুত্থান দিবস তাই এ দেশের মানুষের কাছে গণতন্ত্র রক্ষায় নতুন করে শপথ নেওয়ার দিন হিসেবেই পরিগণিত।
দিবসটি স্মরণ করে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষায় সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলার জন্যও খালেদা জিয়া আহ্বান জানান।
