ভোটার পরিচয়পত্র নিয়ে সাবেক দুই বিচারকের দ্ইু মত
অল্প সময়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই পরিচয়পত্র থেকে কম্পিউটারে খুব সহজেই তৈরি করা যায় নির্ভুল ভোটার তালিকা। এই মত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আব্দুর রউফের। তবে আরেক সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি নঈম উদ্দিন আহমেদ-এর মতে তত্ত্বাবধায়ক সরকারের উচিত হবে একটি হালনাগাদ সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করে অবিলম্বে নির্বাচন দেওয়া। এই দুই সাবেক কমিশনার শনিবার নফহবংি২৪.পড়স কে দেওয়া পৃথক সাক্ষাৎকারে তাদের ভাবনার কথা জানান। জানাচ্ছেন বিপ্লব রহমান।
সাবেক সিইসি আব্দুর রউফ বলেন, “ভোটার পরিচয়পত্রের জন্য ভোটাররা খুবই উদগ্রীব। সবাই একটা নিজস্ব পরিচয়পত্র চায়। কিন্তু রাজনীতিবিদ ও প্রশাসন চায় না ভোটাররা শক্তিশালী হোক। এ জন্য তারা নানাভাবে বাধা সৃষ্টি করে।”
তিনি বলেন, “প্রযুক্তি এখন অনেক সহজলভ্য ও সস্তা হওয়ায় মাত্র ছয় মাসে জনপ্রতি ১০০ টাকা খরচ করেই সবাইকে জাতীয় পরিচয়পত্র দেওয়া সম্ভব। এই পরিচয়পত্রটি ভোটার পরিচয়পত্রসহ নানা কাজে ব্যবহার করা যায়। এতে একটি মেমরি চিপ-এ ব্যক্তির বৃদ্ধাঙ্গুলির ছাপসহ নানা তথ্য সংরক্ষিত থাকবে। এখান থেকে ডাটা বেজ পদ্ধতিতে সহজেই ভোটার তালিকাও তৈরি করা যায়।’
আব্দুর রউফ বলেন, “গ্রামাঞ্চলে প্রতি ১০০ জনের জন্য স্কুল বা কলেজের একজন ছাত্রছাত্রীকে স্বেচ্ছাসেবক নিয়োগ করেই অতি দ্রুততার সঙ্গে এটি করা যায়। তারা শুধু নাগরিকের বৃদ্ধাঙ্গুলির ছাপ, ছবি ও তথ্য সংগ্রহ করবে। মূল ডাটা বেজে এ সব তথ্য তোলা এবং পরিচয়পত্র দেওয়ার সময় তথ্যগুলো যাচাই করে নিতে হবে। এভাবে প্রচুর জনবল নিয়োগ করলেই এটি অল্প সময়ে করা যায়।”
তিনি আরও বলেন, “দেশে -- বিদেশে গবেষণায় এর প্রমাণ মিলেছে বলে বাস্তবেও এটি করা যাবে। তবে এ জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন পড়বে।”
সাবেক এই সিইসি মনে করেন, বিদেশি কোনো সংস্থাকে এ দায়িত্ব দেওয়া হলে মাঠ পর্যায়ের জরিপ, গবেষণা, দরপত্র আহ্বান ও লোকবল নিয়োগসহ নানা কর্মসূচিতে সময় এবং অর্থ দুই-ই নষ্ট হবে।
অন্যদিকে সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি নঈম উদ্দিন আহমেদ নফহবংি২৪.পড়স কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “নির্বাচনী আইন, ১৯৮২’র ২২ ধারা অনুযায়ী, নির্বাচনে অবশ্যই ভোটার পরিচয়পত্র ব্যবহার করা বাধ্যতামূলক। কিন্তু অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এটি করতে দেড় থেকে দু’বছর সময় লাগবে।”
তিনি বলেন, “জরুরি অবস্থার মধ্যে দায়িত্বরত তত্ত্বাবধায়ক সরকারকে এত সময় না দিয়ে ওই আইনটি বাতিল করে একটি সুষ্ঠু হালনাগাদ ভোটার তালিকায় অবিলম্বে নির্বাচন করা উচিত। একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে দ্রুত এই তত্ত্বাবধায়ক সরকারের অবসান হওয়া প্রয়োজন। এর আগের নির্বাচনগুলো ভোটার পরিচয়পত্র ছাড়াই হতে পারলে এবারও তা সম্ভব।”
তিনি জানান, হালনাগাদ ভোটার তালিকার খসড়াটি আবার সংশোধনের জন্য নির্বাচন কার্যালয়গুলোতে ১৫ দিনের জন্য প্রদর্শনের আইন আছে। দ্রুততার স্বার্থে আইনটি সামান্য পরিবর্তন করে এখন তা তিনদিন করা যায়। নির্বাচন ও সরকার গঠনের পর ভোটার পরিচয়পত্র করা যেতে পারে।”
