২২ জানুয়ারির নির্বাচন বাতিল করলেন রাষ্ট্রপতি
২২ জানুয়ারির নির্বাচন বাতিলের ফাইলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার শুক্রবার রাতে নির্বাচন বাতিলের বিষয়টি নিশ্চিত করে নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি স্বাক্ষরিত ফাইলটি হাতে পেয়েছি।
এর আগে ২২ জানুয়ারির নির্বাচন বাতিলের জন্য ফাইলটি অনুমোদন করেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
শুক্রবার এতে চূড়ান্ত অনুমোদন দিলেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
এদিকে আওয়ামী লীগ ২২ জানুয়ারির নির্বাচন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অপরদিকে বিএনপি বলেছে, তারা এই সিদ্ধান্তের আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখবে।
শুক্রবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিবিসি রেডিওকে বলেন, “নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা ভোটার পরিচয়পত্রের কথা বলে আসছি। তবে সেটা একদিনে সম্ভব না। সে জন্য অনেক সময় লাগবে।”
জলিল বলেন, আমরা ভোটার পরিচয়পত্র তৈরীর দাবি জানিয়ে আসলেও এটা কখনো বলিনি যে ভোটার পরিচয়পত্র ছাড়া নির্বাচন হবে না।
অপরদিকে বিএনপির মুখপাত্র নজরুল ইসলাম খান বিবিসিকে বলেন, ২২ জানুয়ারির নির্বাচন বাতিলের সিদ্ধান্তের আইনগত দিক তারা খতিয়ে দেখবেন। যে আদৌ নির্বাচন বাতিল করা সম্ভব কিনা।
তিনি অবিলম্বে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানান।
