প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে জলিলের আহ্বান
বিএনপি--জামায়াত জোট সরকারের করা তালিকা বাতিল করে প্রকৃত সন্ত্রাসীদের তালিকা করে তাদের গ্রেপ্তার করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
শুক্রবার দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
জলিল বলেন, বিগত পাচঁ বছর যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, কালো টাকা ও পেশিশক্তির মাধ্যমে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে চূড়ান্ত রূপ দিয়েছে তারাই দেশের সব সন্ত্রাসের মূল হোতা।
তিনি বলেন, মামলার সংখ্যাকেই শুধু বিচার্য ধরলে গত ৫ বছরে মিথ্যা মামলার শিকার হাজার হাজার নিরীহ নেতা-কর্মীকে অহেতুক হয়রানির শিকার হতে হবে।
বিবৃতিতে আরো বলা হয়, “নিরীহ রাজনৈতিক কর্মীদের হয়রানি ও গ্রেপ্তার নয়, দুর্নীতিবাজ ও প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তারের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।”
