আলোচনা করেই নির্বাচন কমিশন সংস্কার করা হবে
প্রধান দুই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই নির্বাচন কমিশন সংস্কার করবে সরকার।
শুক্রবার বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার পর উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, তপন চৌধুরী ও ড. ইফতেখার আহমেদ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, নির্বাচন করাটাই তাদের আসল লক্ষ্য। ভোটার তালিকা ও পরিচয় পত্র তৈরি করাটা সময়ের ব্যাপার।
তারা আরও বলেন, প্রধান দুই দলের সঙ্গে আলাপ--আলোচনা করে নির্বাচন কমিশন সংস্কার করা হবে।
ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দশ উপদেষ্টা বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্মৃতিসৌধের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম ও ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মতিয়ার রহমান।
