শিগগিরই জ্বালানি সংকট কাটছে না
খুব শিগগিরই দেশে জ্বালানি সংকট নিরসনের সম্ভাবনা নেই বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা অবশ্য মনে করেন, চলতি মাসের শেষ নাগাদ অথবা আগামী মাসের শুরুতেই গ্যাসের সংকট কিছুটা কমে আসবে। সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কার্যালয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
উপদেষ্টা তপন চৌধুরী দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকটের জন্য সংশ্লিষ্টদের অব্যবস্থাপনা ও অবহেলার পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কাছে প্রচুর পরিমাণে পাওনা বকেয়া বিলকেও দায়ী করেন।
তিনি বলেন, “গাফিলতি ও অব্যবস্থাপনা কারণেই প্রতি বছর শীত মৌসুমে গ্যাসের সংকট দেখা দেয়। আগে থেকেই ব্যবস্থা নেয়া গেলে এ অনাকাঙ্খিত সংকট এড়ানো সম্ভব।”
বকেয়া সম্পর্কে উপদেষ্টা বলেন, “এসব প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা বকেয়া রয়েছে। ফলে নাইকোসহ গ্যাস উৎপাদনকারী সংস্থাগুলোর বকেয়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না। অথচ বকেয়া বিল পেলে আরো বেশি পরিমাণে গ্যাস উৎপাদন করতে পারবে বলে নাইকোসহ প্রতিষ্ঠানগুলো সরকারকে জানিয়েছে।”
বিল খেলাপি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা অবশ্য বলেননি কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি শুধু বললেন “কী ব্যবস্থা নেওয়া হবে তা আপনারাও দেখতে পারবেন।”
দেশে চলতি শীত মৌসুমে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ হিসেবে উপদেষ্টা বলেন, কয়েকটি গ্যাস ক্ষেত্র থেকে বিভিন্ন কারণে গ্যাসের উৎপাদন বন্ধ রয়েছে। হরতাল ও অবরোধের মতো কর্মসূচির কারণে এসব গ্যাস ক্ষেত্রের কয়েকটি কূপ চালু করার প্রয়োজনীয় সরঞ্জামাদি যথাসময়ে পৌঁছানো সম্ভব হয়নি বলে এ সংকটের সৃষ্টি হয়েছে।
তপন চৌধুরী বলেন, যান্ত্রিক গোলোযোগসহ বিভিন্ন কারণে বর্তমানে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। কেন্দ্রগুলো সচল করতে কাজ চলছে। বিদ্যুত কেন্দ্রগুলো সচল হলে সেখানেও গ্যাসের প্রয়োজন হবে। তবে গ্যাসের উৎপাদন বাড়ানো ছাড়া ওই কেন্দ্রগুলোকে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।
তপন চৌধুরী স্বীকার করেন, জটিলতার কারণে কানাডীয় গ্যাস কোম্পানি নাইকো বিল না পাওয়ায় গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে। তারা সরকারকে জিম্মি করে ফেলেছে। তাই গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। তবে বকেয়া টাকা পেলে তারা গ্যাসের উৎপাদন ও সরবরাহ বাড়াতে পারবে বলে জানিয়েছে।
