২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন পুনর্গঠনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মইনুল হোসেন

আইন উপদেষ্টা মইনুল হোসেন বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টিকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন একটি নির্বাচন কমিশনই গঠন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বুধবার সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, “যারা নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করছেন সংবিধান অনুযায়ী আমরা তাদেরকে অব্যাহতি দিতে পারি না।”

তাহলে কীভাবে নির্বাচন কমিশন পুর্নগঠিত হবে -- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আগে কাজটা করি, তারপর দেখবেন কীভাবে সেটা করলাম।”

সরকারের মেয়াদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন,“আমাদের দায়িত্ব পালনের পরই আমরা চলে যাবো। তার মানে এই নয় যে আমরা বছরের পর বছর ক্ষমতায় থাকবো। কাজ শেষ হয়ে গেলে আমাদের প্রশ্ন করবেন আমরা যাচ্ছি না কেনো।”

সাংবাদিকদের ষষ্ঠ ওয়েজ বোর্ড কার্যকর কবে হবে -- প্রশ্ন করা হলে তিনি বলেন,“এই বিষয়টি নিয়ে আমরা পরে আলোচনা করবো।”

বিচার বিভাগ পৃথক করা প্রসঙ্গে মইনুল হোসেন বলেন,“ইতোমধ্যেই এর কাজ শুরু হয়ে গেছে।”

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন,“অতি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি হবে - এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এটা নিয়ে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছে। আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।”