২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জানুয়ারির নির্বাচন স্থগিত করায় অস্ট্রেলিয়ার সন্তোষ

বাংলাদেশে ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

অস্ট্রেলিয় পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনার এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়।

অস্ট্রেলিয়া মঙ্গলবার নতুন তত্ত্বাবধায়ক সরকারকে স্বাগত জানানোর পাশাপাশি সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছে।

বিবৃতিতে নির্বাচন স্থগিত করা ও একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনকে সঠিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয় পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “বিরোধী দলগুলোর বর্জনের মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতো তা অবশ্যই বিশ্বাসযোগ্য হতো না এবং অস্ট্রেলিয়া ও বিশ্ববাসীর কাছেও এর গ্রহণযোগ্যতা থাকতো না।”

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নতুন প্রধান উপদেষ্টা নিয়োগকে স্বাগত জানিয়ে ডাউনার বলেন,“সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নির্দিষ্ট সময়ের ভিতর অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টাকে আমার সমর্থন জানাচ্ছি।”

রাজনৈতিক দলগুলোর নমনীয় আচরণের ব্যাপারে তার উৎকন্ঠা পুনরায় ব্যক্ত করে অস্ট্রেলিয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে বর্তমানে অস্থির পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে অস্ট্রেলিয় সরকার সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছে।”

তিনি বলেন, “আমরা পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবো।”