নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টামণ্ডলী: ভারপ্রাপ্ত সিইসি
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে উপদেষ্টামণ্ডলী রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে। এ ছাড়া কমিশনও প্রধান দুটি রাজনৈতিক দলকে আলোচনায় ডাকবে। এর আগে নির্বাচন কমিশন সচিব জানান, দু’একদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডাকা হবে।
সোমবার বিকেলে কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার আগে মাহফুজুর রহমান একথা সাংবাদিকদের স্পষ্টই জানিয়ে দেন, “২২ জানুয়ারি নির্বাচন আর হচ্ছে না।”
কমিশন কবে নাগাদ আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনায় ডাকছে-- এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করছি; তাদেরও তো মতামত লাগবে। তাদের সঙ্গে আলাপ আলোচনা করে চিঠি দেওয়া হবে।” রাজনৈতিক দলগুলোকে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত খবর ঠিক নয় বলে তিনি জানান।
এর আগে দুপুরে কমিশন সচিব আবদুর রশীদ সরকারও সাংবাদিকদের বলেন, আলোচনার জন্য রোববার চিঠি পাঠানো হয়েছে বলে সংবাদপত্রে যে খবর ছাপা হয়েছে তা ঠিক নয়।
তিনি বলেন, “নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার কাছে চিঠি পাঠানো হয়েছে বলে পত্রিকায় খবর বেরিয়েছে। কিন্তু তা আদৌ সঠিক নয়। এখনও তাদের ডাকা হয়নি।”
আলোচনার জন্য চিঠি না দিয়ে হয়তো টেলিফোনে রাজনৈতিক দলগুলোকে ডাকা হতে পারে বলে সচিব উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত সিইসি আরও জানান, সোমবার সকালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে বিদায়ী সাক্ষাত করে গেছেন।
ইইউ এর এই দলটির নেতৃত্বে বিপুল সংখ্যক বিদেশী পর্যবেক্ষকের এ দেশে আসার কথা ছিল। নির্বাচন পর্যবেক্ষণের কাজ আপাততঃ স্থগিত রাখার কথা উল্লেখ করে ইইউ কমিশনকে এরই মধ্যে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
সোমবার সকালে মাহফুজুর রহমান তিন কমিশনার মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসেন চৌধুরী ও মো. সাইফুল আলমকে নিয়ে কমিশন সচিবালয়ে সংক্ষিপ্ত এক বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, ২২ জানুয়ারির নির্বাচন আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করার জন্য আইনগত কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে।
