৭৮ দিন পরে ব্যস্ত হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার কার্যালয়
দীর্ঘ ৭৮ দিন নিষ্ক্রিয় থাকার পর আবার কর্মব্যস্ত হয়ে উঠেছে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়। ইয়াজউদ্দীন আহম্মেদ প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করলেও রাষ্ট্রপতি বেশির ভাগ সময়ই বৈঠক করেছেন বঙ্গভবনে।
তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ শনিবার তার প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় কাটান তেজগাঁওয়ের কার্যালয়টিতে।
দায়িত্বভার গ্রহণের একদিন পর তিনি এদিন বেলা ১২ টার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তত্ত্ববধায়ক সরকারের নতুন প্রধান নির্বাহী।
এখানে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে স্বাগত জানান মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আলী ইমাম মজুমদার মন্ত্রিপরিষদ সচিবের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্বও পালন করছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম কর্মদিবসে প্রধান উপদেষ্টা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব সেরেছেন। সেই সঙ্গে তিনি কার্যালয়ের কর্মকর্তাদের কতটি পদ শূণ্য রয়েছে সে ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন।
সূত্রটি জানায়, শনিবার পর্যন্ত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উইংটি শূণ্য রয়েছে। এদের মধ্যে রয়েছে সহকারী একান্ত সচিবের দু’টি এবং প্রোটোকল অফিসারের দু’টি করে মোট চারটি পদ। যুগ্ম সচিব পর্যায়ের এক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিবের দায়িত্বে রয়েছেন।
এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পদটিও শূণ্য রয়েছে। তবে তিনজন উপ-প্রেস সচিবের মধ্যে বর্তমানে দুজন কর্মরত আছেন।
সূত্রটি আরো জানায়, এখন থেকে উপদেষ্টা পরিষদের নিয়মিত সব বৈঠক তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ শিগগিরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে একটি বৈঠক করবেন। এরপর পরই তিনি বৈঠক করবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে।
প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদ গঠনের পর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগেও মাঝে মধ্যে দাপ্তরিক কাজ সারবেন ড. ফখরুদ্দীন আহমদ।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপি নেতৃত্বধীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব নেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেও ইয়াজউদ্দিন আহম্মেদ পুরো সময় জুড়ে বঙ্গভবনে বসে তার দাপ্তরিক কাজ সেরেছেন।এর মাঝে শুধু দু’বার তিনি তেজগাঁওয়ের কার্যালয়টিতে যান। এরমধ্যে তিনি উপদেষ্টা পরিষদের একটি বৈঠক করেছেন। এছাড়া তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের একটি বৈঠক।
