যমুনায় ওঠলেন প্রধান উপদেষ্টা
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওঠেছেন। দুপুর একটার একটু আগে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। শনিবারই প্রধান উপদেষ্টার সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সকালেই যমুনায় যান মন্ত্রী পরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার।
তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের বাসভবন হিসেবে যমুনার চারদিকের রাস্তাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সকাল থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
শুক্রবার ড. ফখরুদ্দীন আহমদ প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাতটায় ফখরুদ্দীন আহমদের শপথ পড়িয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। দুই একদিনের মধ্যেই তিনি উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের নিয়োগ দেবেন বলে জানা গেছে।
