জরুরি অবস্থা জারি করে সংকট থেকে উত্তরণ সম্ভব নয়’
তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগী দুই উপদেষ্টা বলেছেন, দেশের রাজনৈতিক সংকট উত্তরণে জরুরি অবস্থা জারি কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স কে তারা বলেন, এর ফলে সংকট দূর না হয়ে আরো প্রকট হবে।
হাসান মশহুদ চৌধুরী বলেন, “জরুরি অবস্থা জারি করে সংকটের সমাধান হবে বলে আমি মনে করি না।”
সাবেক এ সেনা প্রধান বলেন, “খুব সম্ভব সীমিত সময়ের জন্য স্থিতিশীলতা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে এটা দেখানো হবে। যা রাজনৈতিক সমস্যার ওপর কোন প্রভাব ফেলবে না। অত্যন্ত প্রকটভাবে সমস্যাগুলো থেকে যাবে । আর তা প্রকাশিত হতে খুব বেশি দিন সময় লাগবে না।”
জরুরি অবস্থা ঘোষণার বিরোধীতা করে তিনি বলেন, “এটা না করে অন্য ভাবে সমস্যার সমাধান করা যেতো। সাংবিধানিক ভাবে হোক কিংবা রাজনৈতিকভাবে হোক সংকট উত্তরণের জন্য পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তা না করে জরুরি অবস্থা ঘোষণা করার ফলে রাস্তাঘাটে মারপিট ও উত্তেজনা কমবে। এর বেশি কিছু না।”
হাসান মশহুদ মনে করেন এর ফলে নিশ্চিতভাবেই দেশের ভাবমূর্তি ক্ষুণœ হবে।
তিনি বলেন, “ নির্বাচনের প্রাক্কালে জরুরি অবস্থা কোনভাবে গ্রহণযোগ্য হবে না।”
তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগকারী সি এম শফি সামি বলেন, “জরুরি অবস্থা জারির ব্যাপারে বিস্তারিত কোন বিবরণ পাইনি। শুধু শুনেছি জরুরি অবস্থা জারি হয়েছে কারফিউ জারি হয়েছে। কী উদ্দেশ্যে এটা করা হয়েছে তাও আমি জানি না। সমস্ত উপাদান জানা ছাড়া সঠিক মন্তব্য করা সম্ভব নয়”
তবে তার মতে নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে যে জটিলতা রয়েছে তা উত্তরণে জরুরি অবস্থা ঘোষণা কোনভাবেই সহায়ক হবে না।
সাবেক এ পররাষ্ট্র সচিব বলেন, “একদিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে প্রধান রাজনৈতিক জোট নির্বাচন বর্জন করেছে। এ অবস্থায় রাজনৈতিকভাবে সংকট মোকাবিলা করতে হবে।”
তিনি বলেন,“কাজেই জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সংকট উত্তরণের বিশেষ কোন সুযোগ নেই।”
