হাসিনার বক্তৃতা নিয়ে বিএনপি ধুম্রজাল সৃষ্টি করতে চায়: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাওয়া ভবনে শেখ হাসিনার বক্তৃতা নিয়ে যে তথ্যচিত্র দেখানো হয়েছে তা বিভ্রান্তিকর। এর মাধ্যমে বিএনপি ধুম্রজাল সৃষ্টি করে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়।
মঙ্গলবার ধানমণ্ডির ৩ নম্বর কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,“শেখ হাসিনার দেওয়া সেই সময়ের ভাষণের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট এক নয়। সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, ভোটার তালিকা, প্রশাসন এসব নিয়ে প্রশ্ন উঠেনি।”
তিনি আরও বলেন,“রাষ্ট্রপতি নিজেই সংবিধান লংঘন করে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেছেন। নির্বাচন কমিশন চক্রান্তের আখড়ায় পরিণত হয়েছে। এখন রাষ্ট্রপতি নিজেই দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা।”
তথ্যচিত্র নির্মাণের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো আইনের আশ্রয় নেবেন কি না -- এ প্রশ্নের জবাবে কাদের বলেন,“চারদলীয় জোট দেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। সেখানে বিচার চেয়ে কোনো লাভ নেই।”
তার বিরুদ্ধে তারেক রহমানের দায়ের করা মানহানির মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“যার মান নেই, তার আবার মানহানি হয় কীভাবে।”
