২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে পেশাজীবীদের বিক্ষোভ

মহাজোটের দেশব্যাপী অবরোধের তৃতীয় দিনে আইনজীবী  ও পেশাজীবীরা সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ ও রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 06:51 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সমাবেশ থেকে তারা ২২ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন। মঙ্গলবার দুপুর ১ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, বঙ্গবন্ধু প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসক ঐক্য পরিষদের ব্যানারে আইনজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি নিয়ে তারা মৎস্য ভবন মোড় ঘুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কদম ফোয়ারা চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে পেশাজীবীদের ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধা উপেক্ষা করে তারা জাতীয় প্রেসক্লাবের দিকে অগ্রসর হলে পুলিশ আবারও বাধা দেয়। পেশাজীবী নেতৃবৃন্দ  বাধা পেরিয়ে সেখানে সমাবেশ করেন।

এরপর আবারও পুলিশি বাধা ঠেলে তারা কদম ফোয়ারা চত্বরে সমাবেশ করেন।

সমাবেশে তারা বলেন, ইয়াজউদ্দিন আহম্মেদ ২২ জানুয়ারি এদেশে ষড়যন্ত্রের নির্বাচন করে বিএনপি--জামায়াত জোট সরকারকে ক্ষমতায় বসানোর নীলনকশা করছে। আইনজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দ এদেশে নীলনকশার নির্বাচন হতে দেবে না। বক্তারা সারাদেশে শিক্ষকসহ পেশাজীবীদের ‘প্রহসনের’ নির্বাচনে দায়িত্ব পালন না করার জন্য আহ্বান জানান।