বান্দরবানে দুর্গম ভোট কেন্দ্রের জন্য হেলিকপ্টার
জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনের ১১টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। জেলার প্রত্যন্ত দুর্গম এলাকায় সড়ক ও নৌপথে যোগাযোগের ব্যবস্থা না থাকায় নির্বাচনে ব্যবহৃত সামগ্রী ও কর্মকর্তাদের হেলিকপ্টারে বহন করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে একথা জানা গেছে।
সূত্র জানায়, বান্দরবানের চার উপজেলার ১১টি ভোট কেন্দ্রই দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত। সড়ক ও নৌপথে সেখানে যাতায়াতের কোনও উপায় নেই। এজন্য ভোটের আগের দিন সেখানে প্রয়োজনীয় সামগ্রী ও কর্মকর্তাদের পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
এই কেন্দ্রগুলো হচ্ছে- রোয়াংছড়ি উপজেলার রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৈয়কুমার পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদ কেন্দ্র, পাকনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার বড় মদক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্র“পিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জিন্নাহ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলীকদম উপজেলার কুরুপাতা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোয়ামুহুরী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
সূত্র জানায়, হেলিকপ্টার সরবরাহের জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
