২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতিকে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছে উপদেষ্টা পরিষদ

রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 05:17 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

রোববার দুপুরে সচিবালয়ে উপদেষ্টা আজিজুল হক তার দপ্তরে সাংবাদিকদের জানান, শনিবার রাতে  বঙ্গভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে উপদেষ্টারা সংকট থেকে বেরিয়ে আসার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। এসময় তারা রাষ্ট্রপতিকে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার করার পরামর্শও দেন। 

সব দল নির্বাচনে অংশ না নিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে কিনা এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমি ঠিক ব্যর্থ বলবো না। কারণ ২৬ ডিসেম্বর পর্যন্ত সবই ঠিক ছিল। সবাই মনোনয়ন পত্র জমা দিয়েছিল। কিন্তু ৩ জানুয়ারী মহাজোট তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। এতে আমরা সবাই বিস্মিত।”

সংকট নিরসনে সব দলের সম্মতি সাপেক্ষে সুপ্রিম কোর্টের কাছে কোন রেফারেন্স পাঠানোর উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে আজিজুল হক বলেন, “এটা আমরা উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”

প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত দশ উপদেষ্টার একসঙ্গে বৈঠক করেননি এই প্রশ্নের জবাবে আজিজুল হক বলেন, একসঙ্গে দশ উপদেষ্টার সঙ্গে না বসলেও আলাদাভাবে তিনি প্রত্যেকের সঙ্গেই  আলোচনা করেছেন।

শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পক্ষ থেকে প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার দাবির বিষয়ে তিনি বলেন, ‘প্রস্তাবটি সব দলের কাছে গ্রহণযোগ্য হতে হবে।’

মহাজোটের ডাকা অবরোধে সেনাবাহিনী নামানো প্রসঙ্গে তিনি বলেন, ঠিক রাজনৈতিক কর্মসূচির জন্য নয়। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্যই সেনাবাহিনী নামানো হয়েছে।