আমান 'গণসংবর্ধিত'
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান শনিবার ‘গণসংবর্ধনা’ পেয়েছেন।
এই ‘গণসংবর্ধনা’ দেয়া হয়েছে শনিবার কেরাণীগঞ্জের জিনজিরা বালুর মাঠ এলাকায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান-উল্লাহ আমানকে সেখানে বরণ করে নেন উৎফুল্ল বিএনপি নেতা-কর্মীরা।
সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এবার ঢাকা- ৩ আসনে আমানসহ ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ার পর ১১ প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নির্বাচনের মাঠে আর কেউ না থাকায় আমান-উল্লাহ আমানই এখন ঢাকা- ৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য। এই ‘বিরল জয়’ -এ উচ্ছ্বসিত কেরাণীগঞ্জের বিএনপি নেতা-কর্মীরা।
জিনজিরা বালুর মাঠ এলাকায় বিএনপি প্রধান কার্যালয়ের সামনে শনিবার বিকাল ৪টায় তারা আমানকে দিয়েছেন ‘গণসংবর্ধনা’। থানা বিএনপি সভাপতি হাজী নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান নাসের, ঢাকা জেলা বিএনপি নেতা আহসানউল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
‘গণসংবর্ধনা’ নিতে আসা আমানকে কয়েকশ’ নেতা-কর্মী ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন । পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আমান জানান, ২২ জানুয়ারির পর তিনি বিজয় মিছিল বের করবেন।
