৯ জানুয়ারি থেকে আদিবাসী নাট্যোৎসব
আগামী ৯ থেকে ১৩ জানুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ৫ দিনব্যাপী জাতি বৈচিত্র সম্মিলনী ও প্রথম আদিবাসী নাট্যোৎসব--২০০৭ উদযাপিত হবে।
এর উদ্বোধন করবেন ‘টঙ্ক বিদ্রোহে’র নেত্রী কুমুদিনী হাজং।
শনিবার ‘জাতি বৈচিত্র সম্মিলনী ও প্রথম আদিবাসী নাট্যোৎসব--২০০৭ উদযাপন জাতীয় কমিটি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে শনিবার সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ জানান, উৎসবে ৩০টি আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজেদের ভাষায় রচিত নাটক মঞ্চস্থ করবে। এছাড়া সেমিনার এবং আদিবাসীদের সমস্যা ও শিক্ষা নিয়ে নির্মিত “বিপন্ন ভূমিজ” প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সঞ্জীব দ্রং, মেসবাহ কামাল, মাহতাবুল হাকিম, জান্নাত-এ ফেরদৌসী, মিতা ইয়াসমিন, কেরিনা হাঁসদা, রাখী ম্রং প্রমুখ।
