এখনও ভোটের সব তথ্য নেই নির্বাচনে কমিশনে
তফসিল অনুযায়ী আর মাত্র দু’সপ্তাহ বাকি থাকলেও নির্বাচন সম্পর্কে পুরো তথ্য দিতে পারছে না নির্বাচন কমিশন। এমন কি, সংশোধিত তালিকা অনুয়ায়ী ভোটারের সংখ্যা নিয়েও কমিশনের কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। জানাচ্ছেন বিপ্লব রহমান।
আইন অনুযায়ী, নির্বাচনের ১৫ দিন আগে ভোট কেন্দ্রের সংখ্যা গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করার নিয়ম থাকলেও কমিশন এখনও তা করেনি (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ --৩ নম্বর অনুচ্ছেদের ৮ ধারা)।
এছাড়া এবারের নির্বাচনে কয়টি রাজনৈতিক দলের কত জন প্রার্থী অংশ নিচ্ছেন, কোন কোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন- সে তথ্যও নির্বাচন কমিশনে নেই।
মোট ভোটারের সংখ্যা জানতে চাওয়া হলে কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া শনিবার নফহবংি২৪.পড়সকে বলেন, “আদালতের নির্দেশে ২০০০ সালের ভোটার তালিকা হালনাগাদ করার পর ভোটারের সংখ্যা দাঁড়ায় প্রায় ৯ কোটি ৩০ লাখ। ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) প্রতিবেদন প্রকাশের পর ৮ থেকে ১৮ ডিসেম্বর বাড়ি বাড়ি গিয়ে তালিকা সংশোধন করা হয়। এরপর নতুন ভোটারের নাম যুক্ত ও বাদ দেওয়ার পর সংশোধিত তালিকায় ভোটারের সংখ্যা প্রায় একই থেকে গেছে।”
এদিকে উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বলেন, “সংশোধিত তালিকায় ভোটারের সংখ্যা প্রায় ৯ কোটি ৩৫ লাখ।”
তিনি বলেন, “আসনভিত্তিক ও নারী -- পুরুষ ভোটার, ভোট কেন্দ্রের সংখ্যা, কতটি রাজনৈতিক দলের কতজন প্রার্থী - এ সব তথ্য আমরা এখনও সংগ্রহ করছি। আমাদের লোকবল কম, তাই সব তথ্য পেতে দেরি হচ্ছে।”
মিহির সারওয়ার স্বীকার করেন, “ভোট গ্রহণের ১৫ দিন আগেই গেজেট প্রকাশ করতে হয়। কিন্তু কিছু নির্বাচনী এলাকার সীমানা নিয়ে অভিযোগ থাকায় সেগুলোর কাজ বাকি আছে। তবে ৯০ শতাংশ এলাকার গেজেট প্রকাশ করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।”
তিনি জানান, এবার ভোট কেন্দ্রের সংখ্যা ৩৪ হাজারের কাছাকাছি হতে পারে।
ব্যালট পেপার ছাপানোর সংখ্যা জানতে চাওয়া হলে অতিরিক্ত সচিব ও উপসচিব (নির্বাচন) কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তারা শুধু বলেন, আসনভিত্তিক ভোটারের সংখ্যা পেয়ে সে অনুযায়ী তিনটি সরকারি ছাপাখানায় শুক্রবার থেকে ব্যালট পেপার ছাপা শুরু হয়েছে।
তারা জানান, ৩০০ টি আসনের মধ্যে ১৭ টিতে ১৭ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর এখন ২৮৩ টি আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৮ জন। এই ২৮৩ টি আসনে ভোটারের সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার ছাপা হচ্ছে। ১৮ জানুয়ারি ব্যালট পেপার ছাপার কাজ শেষ হওয়ার কথা।
কমিশন সচিব আব্দুর রশীদ সরকারও শুক্রবার মোট ভোটার ও ব্যালট পেপারের সংখ্যা, কতটি রাজনৈতিক দলের কতজন প্রার্থী -- ইত্যাদি তথ্য সাংবাদিকদের জানাতে পারেননি।
অবরোধের কারণে সব জেলায় নির্বাচনী উপকরণ পাঠানো সম্ভব হবে কি না? এই প্রশ্নের জবাবে মোহাম্মদ জকরিয়া বলেন, “রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে। তাই আমরা এর ফাঁকে ফাঁকে নির্বাচনী উপকরণ বিভিন্ন এলাকায় পাঠানোর চেষ্টা করবো ।”
এদিকে কমিশন ঈদের আগেই এক অফিস আদেশে নির্বাচন কর্মকর্তাদের সব ছুটি বাতিল করলেও শনিবার স্বয়ং ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান, কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী ও মো. সাইফুল আলম এবং সচিব আব্দুর রশীদ সরকার অফিস করেননি।
