২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গণগ্রেপ্তার দেড় হাজার

মহাজোটের ৭ ও ৮ জানুয়ারির দেশব্যাপী অবরোধ কর্মসূচীর প্রাক্কালে পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে গণহারে দেড় হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় তাদের গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 01:33 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

পুলিশের একটি সূত্র জানায়, সেনা তৎপরতার পাশাপাশি র‌্যাব, বিডিআর ও পুলিশকে সহায়তা করতে রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে কয়েক হাজার পুলিশ।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারি মহাপুলিশ পরিদর্শক (এআইজি) মতিউর রহমান অবশ্য ‘গণগ্রেপ্তার’ শব্দটি নিয়ে আপত্তি জানিয়ে নফহবংি২৪.পড়স কে বলেছেন, “পুলিশ আইনে গণগ্রেপ্তার বলে কোন শব্দ নেই। তবে পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে লোকজনকে গ্রেপ্তার করতে পারে।

তিনি স্বীকার করেন, ৭ ও ৮ তারিখের কর্মসূচি মথায় রেখে পুলিশ গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা আমার জানা নেই। ”

এআইজি বলেন, “র‌্যাব, বিডিআর ও পুলিশ সদস্যদের সহযোগিতা করতে ঢাকার বাইরে থেকে অতিরিক্ত পুলিশ আনা হতে পারে। তবে এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।”

বিভিন্ন থানা সূত্র অনুয়ায়ী, সরকারের উচ্চ পর্যায় থেকে র‌্যাব ও পুলিশকে নির্দেশ দেওয়ার পর তারা রাজধানীতে অভিযান চালিয়ে কমপক্ষে ১,৫০০ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এর মধ্যে শাহবাগ থানায় ৪৬ জন, কামরাঙিরচরে ৭৯ জন, পল্লবীতে ৭৭ জন, লালবাগে ৪৬ জন, মিরপুরে ৭৭ জন এবং মোহাম্মদপুরে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তার করা হয় অন্যান্য থানা এলাকা থেকে।

পুলিশ সূত্র জানায়, ঢাকা মহানগর পুলিশ কমিশনার গত বৃহষ্পতিবার নগরীর ৩৩ ওসিকে নিয়ে বৈঠক করে অবরোধ কর্মসূচি মোকাবেলায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে আওয়ামী লীগের অভিযোগ অবরোধ কর্মসূচি বানচাল করার জন্য র‌্যাব ও পুলিশ তাদের নেতা, কর্মী ও সমর্থকদের গ্রেপ্তার ও হয়রানি করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ অভিযানের কারণে সাধারণ মানুষ ও পথচারীদের অনেকে হয়রানির শিকার হচ্ছেন।

এদিকে ‘গণগ্রেপ্তারের’ প্রতিবাদে কেরানীগঞ্জ থানা যুবলীগের নেতা-কর্মীরা বৃহষ্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে।