মহাজোটকে ভোটযুদ্ধে আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ নেই
মহাজোটকে ভোটযুদ্ধে আনার বিষয়ে নির্বাচন কমিশনের কোনো উদ্যোগই নেই।
এছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতা সত্বেও ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের তারিখ পেছানোর জন্য রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ব্যাখ্যা চাওয়া প্রসঙ্গে বিভিন্ন মহলের দাবি বিষয়েও কমিশন এখনও উদাসীন।
শুক্রবার কমিশন নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক বসলেও সেখানে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি বলে কমিশনের মুখপাত্র সচিব আবদুর রশীদ সরকার সাংবাদিকদের জানিয়েছেন।
বৈঠকে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান, নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী, মো. সাইফুল আলম ও কমিশন সচিব আবদুর রশীদ সরকার।
বিকেলে দেড় ঘন্টা বৈঠক শেষে সন্ধ্যা ৬ টায় তার কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, “নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। শুক্রবারই ব্যালট পেপার ছাপার জন্য তিনটি সরকারি ছাপাখানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৮ জানুয়ারির মধ্যে এই কাজ শেষ হবে।”
অভিযোগ উঠেছে, একটি রাজনৈতিক দলের প্রাথীদের স্বাক্ষর জাল করে কয়েক জনের বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে। এ বিষয়ে জানতে চাওয়া হলে সচিব বলেন, “সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা আমাকে এমন কিছু জানাননি। তাঁরা শুধু বেসরকারিভাবে ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন।”
১৭ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় কমিশনকে এবার নির্বাচনে ২৮৩ আসনে ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার ছাপতে হচ্ছে।
মহাজোটের কর্মসূচির কারণে যথাসময়ে সারা দেশে নির্বাচনী উপকরণ পাঠানো সম্ভব হবে কি-- না জানতে চাওয়া হলে, সচিব বলেন, “এটি কোনো সমস্যা নয়। নির্বাচনের আগে যে কোনো সময়ে কেন্দ্রগুলোতে এসব মালামাল পৌঁছালেই হলো।”
এদিকে আবদুর রশীদ সরকার সকালে আইন -- শৃঙ্খলা বিষয়ে বৈঠক করেন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত দু’ঘন্টার এই অনির্ধারিত বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক খোদা বখত চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব আবদুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বৈঠকটি সম্পর্কে কমিশন সচিব সাংবাদিকদের বলেন, “নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আলোচনা হয়েছে। এটি একটি নিয়মমাফিক বৈঠক।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এবার নতুন প্রায় চার হাজার ভোট কেন্দ্রসহ মোট প্রায় ৩৪ হাজার কেন্দ্রের মধ্যে কতটি ঝুঁকিপূর্ণ, তা এখনও নির্ধারিত হয়নি। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে মোট কতো সেনা, বিডিআর, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে -- তাও ঠিক হয়নি।
প্রসঙ্গত, ১০ থেকে ২৯ জানুয়ারি সারা দেশে সেনা মোতায়েন থাকবে। এ সময় সেনা বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দেবে।
ভোটার তালিকা সংশোধনের পর সারা দেশে ভোটারের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৯ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৫৬৭ জন। আর নির্বাচনে প্রার্থীর সংখ্যা ১ হাজার ৫৬৫ জন।
