কচুয়ায় বিএনপি ছাত্রলীগ সংঘর্ষে আহত ৩০
কচুয়া উপজেলা বিএনপি ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে দিনভর সংঘর্ষে বৃহস্পতিবার দু’পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত সাত নম্বর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান পাঠানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ছাত্রলীগ নেতা শাহ ইমরান তালুকদার রকিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বর্তমানে চাঁদপুর--১ (কচুয়া) আসনে চারদলীয় জোট প্রার্থী আ.ন.ম এহছানুল হক মিলন ছাত্রলীগ নেতা--কর্মীদের অস্ত্র উঁচিয়ে ধাওয়া করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা মিজানুর রহমান পাঠান সকাল ১০টার দিকে ছাত্রলীগ নেতা শাহ ইমরান তালুকদার রকিকে মারধর করেন। এ খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা খালেদা জিয়ার উদ্বোধন করা কচুয়া হাসপাতালের নামফলক ভেঙে ফেলে।
এহছানুল হক মিলন দুপুর আড়াইটার দিকে ২৫/৩০ জন নেতা--কর্মীকে সঙ্গে নিয়ে হাসপাতাল এলাকায় এসে অস্ত্র উঁচিয়ে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করেন। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা--কর্মীরা আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের পেট্রোল পাম্পে ভাংচুর চালায়।
পাম্প ভাংচুরের জের ধরে ছাত্রলীগ কর্মীরা বিকেল সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান পাঠানকে মারধর করলে উত্তেজিত বিএনপি কর্মীরা ঢাকা--আকানিয়া সড়ক অবরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে দু’সংগঠনের নেতা--কর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “আমি এখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”
সাবেক প্রতিমন্ত্রী মিলনের অস্ত্র উঁচিয়ে গুলি ছোঁড়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিস্তারিত পরে বলবো। এখন এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।”
চাঁদপুরের পুলিশ সুপার ওবায়দুর রহমান গুলি ছোঁড়ার ব্যাপারে বলেছেন, “এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।”
এ ব্যাপারে ঢাকায় নফহবংি২৪.পড়স এর পক্ষ থেকে এহছানুল হক মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ছাত্রলীগ নেতা--কর্মীরাই আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। তাদের হামলায় মিজানুর রহমান পাঠান নিহত হয়েছে। আমি তার লাশ দেখতে হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু তারা সেখানে আমাকে বাধা দিয়েছে।”
তবে মিজানুর রহমান পাঠানের স্ত্রী রাবেয়া বেগম ও ভাতিজা জসিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইলে নফহবংি২৪.পড়স কে জানান, “তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।”
বিএনপি নেতা এবং কচুয়া পৌরসভার চেয়ারম্যান হুমায়ন কবীর প্রধান বলেন, “মিজানুর রহমান পাঠান মারা যাননি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”
মিজানুর রহমানকে ঢাকায় নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের চালক জাকির হোসেন জানান, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১ নাম্বার বেডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মারা যাননি।
অস্ত্র উঁচিয়ে গুলি করার অভিযোগ সম্পর্কে মিলন বলেন, “অস্ত্র ব্যবহার করলে ছাত্রলীগ নেতা--কর্মীরাই করেছে। তা না হলে ওরা কীভাবে আমার এত লোককে মারধর করল?”
