২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজকে মনোনয়ন প্রত্যাহারের কথা জানিয়ে দিলেন জলিল

১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলের নেতৃত্বে মহাজোটের একটি প্রতিনিধি দল বুধবার দুপুর দুইটায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের সঙ্গে দেখা করে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এর আগে আব্দুল জলিল সাংবাদিকদের বলেন,“এটি প্রতীকী মনোনয়নপত্র প্রত্যাহার। মহাজোটের প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের প্রার্থিতা প্রত্যাহার পত্র আনুষ্ঠানিকভাবে জমা দেবেন।”

মাহফুজুর রহমান মহাজোটের প্রতিনিধি দলের কাছে জানতে চান,“আপনারা আমার কাছে এসছেন কেনো ?”

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত জবাব দেন,“নির্বাচন কমিশন অদক্ষ, অযোগ্য। তারা এখন পর্যন্ত একটি সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করতে পারে নি। আমরা অনুরোধ করে যাচ্ছি আপনারা নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখুন। মহাজোটের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের পর এটা আর সব দলের নির্বাচন থাকবে না। এক দলীয় নির্বাচনের বিধান সংবিধানে নেই।”

ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন,“আপনারা হচ্ছেন পোষ্ট বক্স। আমরা সেই পোস্ট বক্সেই মনোনয়নপত্র প্রত্যাহার করতে এসেছি।”

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের কক্ষ থেকে বেড়িয়ে এসে আব্দুল জলিল বলেন,“আমাদের পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের পর ২২ জানুয়ারির নির্বাচনের আর কোনো বৈধতা থাকবে না। এই পরিপ্রেক্ষিতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আর সেই নির্বাচন জনগণের প্রতিনিধিত্বও করতে পারে না।”

মনোনয়নপত্র প্রত্যাহার সম্পর্কে জলিল বলেন, “এর ব্যাখ্যা দলীয় নেত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে দিয়েছেন। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান শর্ত সুষ্ঠু ভোটার তালিকা। কিন্তু নির্বাচনের মাত্র ১৯ দিন বাকি, এখনো নির্বাচন কমিশন একটি ভোটার তালিকা দিতে পারেনি।”

প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সালমান এফ রহমান, মেজর (অব.) আবদুল মান্নান, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, দীলিপ বড়–য়া ও মাহি বি. চৌধুরী।