খালেদার আনুষ্ঠানিক প্রচারাভিযান বৃহস্পতিবার শুরু
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ তিন জানুয়ারির পরের দিন বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসন ও চার দলীয়জোট নেত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন।
প্রচারাভিযান চালানোর জন্য গাজীপুর, টাঙ্গাইল, জামালপরু, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের উদ্দেশে সেদিন সকাল ৯টায় রওনা দেবেন তিনি।
চার দলীয় জোট নেত্রী জেলাগুলোর বিভিন্ন নির্বাচনী এলাকায় জোট প্রার্থীদের পক্ষে জনসভায় বক্তব্য রাখবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার প্রচারাভিযানের একটানা চুড়ান্ত কর্মসূচি তৈরি করা হচ্ছে। অধিকাংশ স্থানে তিনি যাবেন সড়ক পথে। তবে ভোলায় যাবেন নৌ-পথে।
প্রাথমিক কর্মসূচি অনুযায়ী, ১৬ দিনের প্রচারাভিযানে ১২৫টির মত জনসভায় তার বক্তব্য রাখার কথা। প্রচারাভিযান শেষ হওয়ার কথা রয়েছে ২০ জানুয়ারি।
গত রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযান শুরুর ঘোষনা দিয়েছিলেন।
২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোট গাজীপুরের ৪ আসনের ১টিতে, টাঙ্গাইলের ৮ আসনের ৫টিতে, জামালপুরের ৫ আসনের ৩টিতে, শেরপুরের ৩ আসনের ২টিতে, ময়মনসিংহের ১২ আসনের ৭টিতে (একটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে পরে একজনের বিএনপিতে যোগদান) জয়ী হয়েছিলো।
