যে যত টাকা দেয় সব নেবেন, কিন্তু নৌকায় ভোট দেবেন: দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা
বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রতি সংস্কার প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার অনেক উন্নয়ন করেছে বলে দাবি করে আসছে। আর তাই যদি হয় এবং সে ব্যাপারে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সংস্কার প্রস্তাব মেনে নিন।
সংস্কার প্রস্তাব অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার তাদের হাতে ফিরিয়ে দেয়ারও আহবান জানান তিনি।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে শনিবার কয়েকজন রাজনীতিক ও সরকারী আমলার দলে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
যোগদানকারীরা হলেন সাবেক মন্ত্রী বরিশালের একেএম মাঈদুল ইসলাম, প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক পেশাজীবীদের সংগঠন প্রকৃচির সাবেক মহাসচিব চৌধুরী খালেকুজ্জামান, ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান দুলাল ও সাবেক সচিব আজাহারুল ইসলাম।
যোগদানকারী নেতারা আওয়ামী লীগ সভানেত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলে যোগদান করেন।
শেখ হাসিনা সংস্কার নিয়ে আলোচনার দাবি জানিয়ে বলেন, সংস্কারের প্রস্তাব নিয়ে সংসদে কথা বলতে বলেছেন, আমরা সংসদে প্রস্তাব দিয়েছি। কমিটি করে দিয়ে নামের তালিকা চেয়েছেন, তাও করেছি। কিন্তু আলোচনা হয়নি। দুই দলের মহাসচিব ও সাধারণ সম্পাদক পর্যায়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন, তাও মেনে নিয়েছি। এখন আলোচনায় বসে বিরোধী দলের সংস্কারের দাবি মেনে নিন। আমরা সংস্কার বিষয়ে সংলাপ অধ্যায়ের শেষ চাই।
বিদ্যুত সংকট নিরসনে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিদ্যুত সংকট নিরসনে ব্যর্থতার দায় নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। এর আগেও একজন প্রতিমন্ত্রীকে সেখান থেকে সরানো হয়েছে। কিন্তু এক মেগাওয়াট বিদ্যুত উৎপাদনও তারা বাড়াতে পারেনি। এই ব্যর্থতার দায় পূর্ণ মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর নিজের।
তিনি বলেন, দেশের মানুষ অন্ধকারের রয়েছে। ইফতার, সেহরি ও তারাবির নামাজের সময় মানুষ বিদ্যুত পাচ্ছে না, অজু করার জন্য পানি পাচ্ছে না। মানুষ পুজা করার জন্য বিদ্যুত পাচ্ছে না। সরকারের দূর্নীতি আর কমিশনের কারণে দেশে বিদ্যুতের উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি।
সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, সরকার পাঁচ বছরে দেশ থেকে ২৮৬ হাজার কোটি টাকা চুরি করেছে। মালয়েশিয়ায় পাঁচার করা ২০০ কোটি টাকা ধরা পড়ায় তা বাজেয়াপ্ত হয়েছে। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর সাথেও আমাদের প্রধানমন্ত্রীর সম্পর্ক রয়েছে। সেখানে কত টাকা আছে, তা আপনারাই খুঁজে বের করুন।
দূর্নীতির মাধ্যমে অর্জিত টাকা জোট সরকার আগামী নির্বাচনে ব্যয় করবে বলে আশংকা প্রকাশ করে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, দূর্নীতি ও চুরি করা টাকা তারা আগামী নির্বাচনে ব্যয় করবে। যে যত টাকা দেয় সব নেবেন, কিন্তু নৌকায় ভোট দেবেন। দূর্নীতিবাজদের আগামী নির্বাচনে প্রতিহত করতে হবে।
