মান্নান ভূঁইয়া টেলিফোনে সংলাপের আহ্বান জানিয়েছেন জলিলকে
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া শুক্রবার সকাল ১১ টার দিকে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে টেলিফোনে সংলাপের বসার আহ্বান জানিয়েছেন।
মান্নান ভূঁইয়া ও আব্দুল জলিল দুজনেই বিডিনিউজ২৪.কমকে টেলিফোন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মান্নান ভূঁইয়া বলেছেন, ‘আমরা সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনার বিষয়ে আন্তরিক। প্রধানমন্ত্রীও এ ব্যপারে তাগাদা দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবেই বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে চাই।’
অন্যদিকে আব্দুল জলিল বলেছেন, টেলিফোনে আলোচনার আহ্বান জানানোর বিষয়টি একটি ইতিবাচক দিক।
তিনি বলেন, ‘এ ব্যপারে আমি বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ও ১৪ দলের শরীক অন্যান্য দলের সঙ্গে আলাপ করে দু’একদিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত মান্নান ভূঁইয়াকে জানাবো।’
মান্নান ভূঁইয়া আজ বিকাল ৪ টায় এবং আব্দুল জলিল বিকাল ৩ টায় পৃথক পৃথক সংবাদ সম্মেলনে তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাবেন।
এদিকে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীদের একটি দল মান্নান ভূঁইয়ার সঙ্গে আরেক দফা সাক্ষাত করেন বলে দলীয় সূত্র জানায়।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মান্নান ভূঁইয়া গত সোমবার রাতে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, আলোচনায় বসার জন্য বিরোধী দলকে প্রয়োজনে টেলিফোন করা হবে। তবে আনুষ্ঠানিক কোনো চিঠি দেওয়া হবে না।
তিনি তখন আরও বলেন, এরই মধ্যে তিনবার আলোচনার জন্য বলা হয়েছে বিরোধী দলকে। প্রয়োজনে আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে টেলিফোন করবো। তারা সাড়া দিলেই আলোচনা হবে।
প্রসঙ্গত এর আগে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে দুপক্ষের মধ্যে মাস খানেক ধরে চিঠি চালাচালি হলেও জামায়াতকে সংলাপে অন্তর্ভূক্ত করার প্রশ্নে শেষ পর্যন্ত এ ব্যাপারে আর কোনো অগ্রগতি হয়নি।
