২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিততে পারবে না বুঝতে পেরে বিরোধী দল নির্বাচন চায় না: লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিরোধী দল আগামী নির্বাচনে জিততে পারবে না বুঝতে পেরে তারা নির্বাচন চায় না এবং তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের ধুয়া তুলে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

তারা বলছে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হলে দেশে বিশৃংখলা সৃষ্টি করবে, উন্নয়ন বন্ধ করে দেবে। এদেশে তারা ব্যবসা - বাণিজ্য বন্ধ করতে চায়।

তারা আরও বলেছে, লাঠি - বৈঠা নিয়ে মানুষকে ঢাকা আসতে দেশে অশান্তি সৃষ্টি করতে। বৃহস্পতিবার বিকেলে জেলার রামপুরে স্থানীয় উপজেলা বিএনপি আয়োজিত স্থানীয় মার্চেন্ট একাডেমিতে বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ যখন সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বিরোধী দল তখন দেশে অশান্তি সৃষ্টি করে বিদেশীদের সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

দেশের অর্থনীতি ধ্বংস করে, এদেশের রফতানী বন্ধ করে দিয়ে বাংলাদেশকে আবার একটি তাঁবেদার রাষ্ট্র করতে চায় তারা।

জেলা বিএনপি সভাপতি ও স্থানীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপি সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর পৌর চেয়ারম্যান সাহাব উদ্দিন সাবু, রায়পুর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড মহিরুল ইসলাম হাওলাদার সাধারণ সম্পাদক হোসেন হাওলাদার প্রমুখ।

এ সময় তিনি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবুল খায়ের ভূঁইয়াকে বিএনপি বা জোটের প্রার্থী হিসেবে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, জোট সরকারের পাঁচ বছরে দেশের মানুষের আয় বেড়েছে মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে।

মানুষের গড় আয়ু বেড়েছে কর্ম সংস্থান বেড়েছে। দেশের দারিদ্র কমেছে। দেশে এখন শান্তি বিরাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তারা চায় না পাঁচ বছর পরপর দেশে নির্বাচন হোক, তারা চায় ’৭৪ এর মতো দেশে অবস্থার সৃষ্টি করতে।

বেগম জিয়া আরও বলেন, বিগত সরকারের আমলে এলাকার মানুষ নিরাপদ ছিল না, মানুষ ঘরে থাকতে পারতো না, কথা বলতে পারতো না, গডফাদারদের রাজত্ব ছিল। আমাদের সরকার গডফাদারে রাজত্ব শেষ করেছে।

তাই আগামী নির্বাচনে ও লক্ষ্মীপুর জেলার ৪টি আসেন বিএনপি বা ৪ দলীয় জোটের প্রার্থীকে পুনরায় নির্বাচিত করতে জনগণকে আহ্বান জানান।