চলতি অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বিআরটিসি
যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চলতি ২০০৬ - ০৭ অর্থবছরের প্রথম দুই মাসে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।
এ সময়ে সংস্থাটি লক্ষ্যমাত্রার ৭২ দশমিক ৯১ শতাংশ হিসেবে ১৫ কোটি ছয় লাখ টাকা আয় করেছে।
বিএনপি সাংসদ নূরুল হুদার এক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী নাজমূল হুদা বৃহস্পতিবার সংসদে এ তথ্য দেন।
মন্ত্রী জানান, চলতি অর্থবছর বিআরটিসির আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১২৩ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে প্রথম দুই মাসে আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ৬৫ লাখ ৪২ হাজার টাকা।
সৈয়দ মেহেদী আহমেদ রুমীর অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের পাঁচ বছরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৭০ কোটি ৬৬ লাখ দুই হাজার টাকা লাভ করেছে। এ সময়ে সংস্থাটি ৮০৯টি বাস ও ১৭৪টি ট্রাক পরিচালনা করে ৩৪২ কোটি ২৯ লাখ ৮১ হাজার টাকা আয় এবং ২৭১ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকা ব্যয় করেছে।
