২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ সাত জঙ্গির ফাঁসি কার্যকর করা নিয়ে বিভ্রান্তি

শীর্ষ সাত জঙ্গির ফাঁসি কার্যকর করা নিয়ে সরকারের বিভিন্ন অঙ্গের পরষ্পরবিরোধী বক্তব্য এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন সব মহলে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সোমবার রাতে সাংবাদিকদের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছিলেন, কারাবিধিতে রমজান মাসে ফাঁসি কার্যকর করতে নিষেধাজ্ঞা রয়েছে। এর পরের দিনই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বলেন, শুধু একজন আপিল করলেও সাত জঙ্গিকে ফাঁসির নির্দেশ দেওয়া পুরো রায়ের কার্যকারিতাই স্থগিত করতে হবে। এবং সে অনুযায়ীই কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার সকালেই নিজের বক্তব্য থেকে সরে আসেন আইনমন্ত্রী মওদুদ আহমেদ। সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কারাবিধিতে এরকম কোনো বিধান নেই যে, রমযান মাসে ফাঁসি কার্যকর করা যাবে না। ১৯৮২ সালে জারি করা একটি প্রশাসনিক আদেশের ব্যাখ্যা দিয়ে বলেন, সেখানে রোজার মাসে ফাঁসি কার্যকর না করার জন্য বলা আছে। তবে এই আদেশে রোজার মাসে ফাঁসি না দেওয়ার নির্দেশ বাধ্যতামূলক নয় বলেও উল্লেখ করেন তিনি। 

বুধবার সকালে আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারও অবস্থান বদল করেন। একজন জঙ্গির আপিলের অজুহাতে সব জঙ্গির ফাঁসি কার্যকর স্থগিত করার আদেশ সম্বলিত বক্তব্য থেকেও সরে আসেন তিনি।

ফজলুল করিম বুধবার সকালে বলেন, জেএমবি এর বোমাবাজ ইফতেখার আল মামুন একাই আপিল করেছে তাই শুধু তারই ফাঁসি কার্যকর স্থগিত থাকবে। অন্যদের ফাঁসি কার্যকরে কোন বাধা নেই।

এর আগে মঙ্গলবার ফজলুল করিম বলেছিলেন, মামুনের আপিলের কারণে সবার ফাঁসি কার্যকর স্থগিত করা হয়েছে। তিনি বলেছিলেন আলাদা করে রায় কার্যকর করা সম্ভব নয়।

এদিকে আপিল করা বা না করা নিয়ে জঙ্গিদের অবস্থানও পরিবর্তিত হচ্ছে। মানুষের তৈরি কোনো আদালতে আবেদন না করার কথা বরলেও এর মধ্যেই মামুন আবেদন করেছেন। আরো একাধিক সদস্যের পরিবারের পক্ষ থেকেও আবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।