২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে পাঁচটি বিল উত্থাপিত

বরিশালে জিয়াউর রহমানের নামে একটি পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বুধবার জাতীয় সংসদে ‘শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়, বরিশাল আইন, ২০০৬’ সহ পাঁচটি বিল উত্থাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

উত্থাপিত অন্য বিলগুলো হচ্ছে, রংপুরের কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কারমাইকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’, ফাজিল ও কামিল ডিগ্রিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যথাক্রমে øাতক ও øাতকোত্তর ডিগ্রির মান প্রদানের জন্য ‘মাদ্রাসা শিক্ষা (সংশোধন) বিল, ২০০৬’ এবং ‘কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬’।

শিক্ষা সংক্রান্ত বিলগুলো উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। 

এদিকে সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ‘কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬’ উত্থাপন করলে আওয়ামী লীগ সাংসদরা সংসদ থেকে ওয়াক আউট করেন।

বিলটির ব্যাপারে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্যান্য সাংসদরা কিছু বলতে চাইলে স্পিকার তাদের ফ্লোর দেননি। প্রতিবাদে তারা ওয়াক আউট করেন।

শিক্ষামন্ত্রী উত্থাপিত বিলগুলো সম্পর্কে আপত্তি উত্থাপন করেন আওয়ামী লীগ সাংসদরা। কারমাইকেল বিশ্ববিদ্যালয় বিল সম্পর্কে কর্নেল (অব.) ফারুক খান বলেন, নির্বাচন সামনে রেখে রংপুরের মানুষদের ‘প্রতারিত’ করার জন্য এ বিল উত্থাপন করা হচ্ছে।

আওয়ামী লীগের অপর সাংসদ শেখ ফজলুল করিম সেলিম জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের বিল সম্পর্কে আপত্তি উত্থাপন করে বলেন, আমরা বরিশালের বিএম কলেজকে শেরেবাংলা ফজলুল হকের নামে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার উদ্যোগ নিয়েছিলাম। আগামী নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এ বিল আনা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বিরোধী দলীয় সাংসদদের অভিযোগ অস্বীকার করে বলেন, উচ্চশিক্ষার ব্যাপারে কোনও বিল আনা হলেই বিরোধী দলের সাংসদরা বিরোধিতা করেন।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ আমলে মাদ্রাসা শিক্ষা অবহেলার শিকার হয়েছে। জবাবে বিরোধী দলীয় চীফ হুইপ আব্দুস শহীদ বলেন, আওয়ামী লীগ আমলে সাইনবোর্ড সর্বস্ব মাদ্রাসার ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী এএইচএসকে সাদেক।

ইসলামিক বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল এবং মাদ্রাসা শিক্ষা (সংশোধন) বিল আনার উদ্দেশ্য হচ্ছে কামিল ও ফাজিল ডিগ্রিকে øাতক ও øাতকোত্তর সমমর্যদা দিয়ে এ কাজের ব্যবস্থাপনার ইসলামী বিশ্ববিদ্যালয়কে আইনগতভাবে দায়িত্ব দেওয়া।

কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন উত্থাপনের কারণ হিসেবে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বলেন, কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারী আসামি সাধারণত: কিছুদিন সাজা ভোগের পর তাদের কৃত অপরাধের জন্য অনুতপ্ত হয় এবং সুস্থ জীবনে ফিরে আসতে চায়।

এই আসামিরা সুযোগ পেলে নিজেকে সংশোধন করার পাশাপাশি পরিবারের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে। সাজাপ্রাপ্ত আটক নারীদের যারা মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তারা এই আইনের আওতায় পড়বেন না।

এছাড়া রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা কিংবা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দণ্ডিত কয়েদি এবং বিস্ফোরক দ্রব্য, অস্ত্র ও মাদকদ্রব্য সংক্রান্ত আইনের আওতায় সাজাপ্রাপ্ত নারী কয়েদিদের জন্য এ আইন প্রযোজ্য হবে না।

উত্থাপনের পর বিল পাঁচটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে চূড়ান্ত সুপারিশের জন্য পাঠানো হয়। স্থায়ী কমিটিগুলোকে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের জন্য পাঁচ দিনের সময় দেওয়া হয়। বিলগুলো এ অধিবেশনেই পাস হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।