আদিবাসীদের স্বার্থ সংরক্ষণ ও সাংবিধানিক স্বীকৃতি দেয়ার উদ্যোগ কোন সরকারই নেয়নি
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) নেতৃবৃন্দ বলেছেন, যারাই ক্ষমতায় এসেছে তারা কেউই আদিবাসীদের স্বার্থ সংরক্ষণ ও সাংবিধানিক স্বীকৃতি দেয়ার উদ্যোগ নেয়নি।
রোববার শিল্পকলা একাডেমি চত্বরে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার ১১ তম বার্ষিক শাখার দ’ুদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পিজিজেএসএর নেতৃবৃন্দ এ কথা বলেন।
তারা আরো বলেন, জোট সরকার বিগত পাঁচ বছরের পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে এগিয়ে আসেননি। বরং পদে পদে তা লংঘন করেছে। শুধু তাই নয় আদিবাসী জনগণ প্রতিনিয়ত সেনা নির্যাতন ও সেনা সস্ত্রাস, ভূমি দখল এবং নারীরা ধর্ষনের শিকার হচ্ছে।
তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমমনা দলের সাথে জোটবদ্ধ হয়ে সরাসরি নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।
নেতারা চুক্তি বাস্তবায়নের জন্য ছাত্র সমাজকে আরো অধিকতর সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।
সন্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক উষাতন তালুকদার, যুবন বিকাশ চাকমা, অ্যাডভোকেট শক্তিমান চাকমা, বোধিসত্ত্ব চাকমা প্রমুখ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী জেলা শিল্পকলা একাডেমি থেকে পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
