২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভির প্রামাণ্যচিত্র প্রত্যাহার না হলে আইনী ব্যবস্থা নিতে পারে আ.লীগ

রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে গত ২২ ও ২৩ সেপ্টেম্বর প্রচারিত একটি প্রামাণ্যচিত্রকে বিতর্কিত হিসাবে অভিহিত করে এ জন্য হাওয়া ভবন ও তথ্য মন্ত্রণালয়কে দায়ি করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বিরোধী দলের অভিযোগ এতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে খাটো করে দেখানো হয়েছে। ওই প্রামাণ্যচিত্রটি প্রত্যাহার করা না হলে ‘শিগগিরই’ সরকারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে রোববার দলের ধানমণ্ডিস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

আওয়ামী লীগ দাবি করেছে এতে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম ও জে. (অব.) শফিউল্লাহ বিভিন্ন বই ও দলিলপত্র উদ্ধৃত করে বলেন, ওই সময় জিয়াউর রহমান একজন স্বল্পপরিচিত মেজর ছিলেন এবং তিনি ২৮ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন।

ওই প্রামাণ্যচিত্রে রাজ্জাক, শফিউল্লাহ ও রফিকুল ইসলামের দেওয়া সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল। তবে সংবাদ সম্মেলনে তাঁরা জানান, তাঁরা কেউই বিটিভির ওই অনুষ্ঠানে সাক্ষাৎকার দেননি। বরং বিটিভি আওয়ামী লীগ সরকারের আমলে রেকর্ড করা কয়েকটি সাক্ষাৎকার ওই প্রামাণ্যচিত্রে যোগ করে বলে তাঁরা দাবি করেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেন, আমি ওই প্রামাণ্যচিত্রটি অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। তা না হলে আমি সরকারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেব।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশিত গোপন দলিলপত্র দেখিয়ে তোফায়েল আহমেদ বলেন, এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে বঙ্গবন্ধু ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তিনি রাজ্জাকের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিচিত্রায় প্রকাশিত নিজের লেখা এক নিবন্ধে জিয়াউর রহমান জানান বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন হাওয়া ভবন নিজেদের মতো করে ওই প্রামাণ্যচিত্র তৈরি করেছে।

তোফায়েল আরও বলেন, জিয়ার শাসনামলে একটি জাতীয় কমিটির লেখা ১৫ খণ্ডের মুক্তিযুদ্ধের দলিলপত্রেও স্পষ্ট উল্লেখ আছে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। তিনি বলেন, জিয়া নিজেও তাঁর জীবদ্দশায় কোনদিন দাবি করেননি যে তিনিই স্বাধীনতার ঘোষক।

রাজ্জাক বলেন, পাকিস্তানি জেনারেল টিক্কা খানের ব্যক্তিগত সহকারী সিদ্দিক সালেহ তাঁর বইয়ে লিখেছেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ায় পাকিস্তানি বাহিনী অভিযান শুরু করে।

মুক্তিযুদ্ধের সময় মেজর (অব.) রফিকুল ইসলাম চট্টগ্রামে তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী ইপিআর-এর প্রধান ছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ২৬ মার্চ ভোররাতেই ইপিআর-এর ওয়ারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন। এরপর আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রাম বেতারে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। পরে জিয়াউর রহমান ২৮ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, সেনাবাহিনীর নয়। জনগণের নির্বাচিত প্রতিনিধির নির্দেশে আমরা হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম।